মিরপুরে অপহূত ছাত্রদল নেতার হদিস মেলেনি চার দিনেও

রাজধানীর দারুস সালাম থানা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মফিজুল ইসলাম রাশেদকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেয়ার পর গত ৪ দিনে কোন হদিস মিলছে না। তার পরিবারের সদস্যরা সংশ্লিষ্ট থানা ও ডিবি অফিসে একাধিকবার যোগাযোগ করলেও কোন সাড়া মিলেনি। রাশেদ মিরপুর মাজার রোড দ্বিতীয় কলোনির ৬৩ বি/এ নম্বর বাসার মরহুম শহিদুল ইসলামের পুত্র। রাশেদের স্ত্রী রুমা বেগম সোমবার জানান, গত ৪ এপ্রিল রাত ৯টার দিকে মিরপুর মাজার রোড দ্বিতীয় কলোনির ডায়মন্ড গার্মেন্টেসের সামনের রাস্তা থেকে ডিবি পুলিশ পরিচয়ে ৫-৬ জন রাশেদকে একটি গাড়িতে তুলে নিয়ে যায়। ঐ ব্যক্তিদের গায়ে ডিবির জ্যাকেট ছিল। ডায়মন্ড গার্মেন্টেসের সামনের এক মুদি দোকানি জানান, সাদা পোশাকধারী ঐ লোকেরা নিজেদের ডিবি পুলিশ পরিচয়ে রাশেদকে গাড়িতে তুলে নেয়। আরেকজন দোকানি জানান, রাশেদ তার বন্ধুদের সঙ্গে গল্প করার সময় ডিবির জ্যাকেট পরিহিত লোকজন তাকে ঘিরে ধরে গাড়িতে তুলে নিয়ে যায়। রাশেদের বড় ভাই জাফর আহমেদ জানান, গত ৪ দিন ধরে দারুস সালাম থানাসহ বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও তার কোন খবর মিলেনি। তাদের মামা জসিম খান টিটু জানান, রাশেদকে মিন্টো রোডের ডিবি অফিসে নেয়ার কথা বলা হলেও সেখান থেকে কেউ তাকে আটকের খবর স্বীকার করেনি।