ব্রাহ্মণবাড়িয়ায় বিশৃংখলার চেষ্টাকালে ২ যুবলীগ কর্মীকে পুলিশের প্রহার

গতকাল সোমবার ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের হরতাল চলাকালে দুই যুবক বিশৃংখলা সৃষ্টি করার পাঁয়তারা করলে পুলিশ তাদের আটক করে। জেলা যুবলীগ আটককৃত দুই যুবককে তাদের কর্মী বলে দাবী করে। হেফাজতে ইসলামের ডাকা হরতাল চলাকালে শহর দারোগা বেলাল দুপুরে টিএ রোড এলাকা থেকে কাজীপাড়া এলাকার আলামিন ও এমদাদকে থানায় ধরে নিয়ে যায়। থানায় নিয়ে বেদম পিটিয়ে রক্তাক্ত জখম করে বলে যুবলীগ দাবী করে। খবর পেয়ে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে তাদের ছেড়ে দেয়ার ব্যবস্থা করেন। পরে তাদের সদর হাসপাতালে নিয়ে চিকিত্সা দেয়া হয়। শহর যুবলীগ সাধারণ সম্পাদক আলাআমীন সওদাগর, জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদ সাইদুজ্জামান আরিফ ও সাবেক ছাত্রলীগ নেতা রোমেল আল ফয়সলের নেতৃত্বে এসআই বেলালের শাস্তির দাবীতে মিছিল করে। শহর যুবলীগ সাধারণ সম্পাদক আলাআমীন সওদাগর বলেন, শহর দারোগা বেলাল বিনা কারণে যুবলীগ কর্মী আলামিন ও এমদাদকে থানায় ধরে নিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। আমরা বেলালের শাস্তি দাবি করেছি।