আগামী এক মাসের মধ্যে অস্থিরতা কেটে যাবে

আগামী এক মাসের মধ্যে দেশের রাজনৈতিক অস্থির পরিস্থিতির সমাধান হবে বলে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দলকে আশ্বস্ত করলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল সোমবার সচিবালয়ে ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, চলমান রাজনৈতিক অস্থিরতা নিয়ে খুব বেশি উদ্বেগ নেই ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের। তবে তারা আমাকে সংক্ষেপে বলেছেন, তাদের দেশের লোকজন রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশে আসতে পারছে না। আমি তাদের আশ্বস্ত করে বলেছি, আগামী এক মাসের মধ্যে এর সমাধান হয়ে যাবে। তবে কিসের ভিত্তিতে আশ্বস্ত করেছেন সাংবাদিকদের কাছে এর কোন ব্যাখ্যা দেননি অর্থমন্ত্রী। ইইউ রাষ্ট্রদূত উইলিয়াম হানা’র নেতৃত্বে ছয় সদস্য বিশিষ্ট এ প্রতিনিধি দলের অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডেনমার্কের রাষ্ট্রদূত ভেন্ড ওলিং, স্পেনের রাষ্ট্রদূত লুইস তেজাদা চেকন, ফ্রান্সের রাষ্ট্রদূত মিচেল ট্রিঙ্কুইয়ার, নেদারল্যান্ডের রাষ্ট্রদূত গ্যার্বেন জোয়ের্ড জং ও জার্মানীর রাষ্ট্রদূত আলব্রেট কঞ্জ। ইইউ রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, পাঁচজন রাষ্ট্রদূত আমার সাথে দেখা করতে এসেছেন। আমি চিন্তা করেছিলাম, সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তারা আমাকে আক্রমণ করবেন। কিন্তু আসলে তা না, তাদের সঙ্গে খুব সুন্দর আলোচনা হয়েছে।