ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর উত্তরায় একটি স্বর্ণের দোকানে অভিনব কায়দায় মাত্র ২০ মিনিটে একটি ডাকাত চক্র লুট করে নিয়ে গেছে ৫০ লাখ টাকার স্বর্ণালংকার। লুটের সঙ্গে জড়িত ডাকাত চক্রের ১১ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর)। গ্রেফতারকৃতরা হলো, রুবেল ওরফে আঙুল কাটা রুবেল, মনু মিয়া ওরফে বাছুরী মনির, আলাউদ্দিন, মোশারফ, রিটন ভট্টাচার্য ওরফে রাজু, বাবু, লিটন, আনোয়ার, শহিদ ও হাসান সরকার। তাদের কাছ থেকে ৩২ ভরি ১ আনা স্বর্ণ, স্বর্ণ বিক্রি করা ১ লাখ ৬৫ হাজার টাকা ও ও ১টি তালাকাটা যন্ত্র উদ্ধার করা হয়। ডাকাতি করা বেশকিছু স্বর্ণ তারা কুমিল্লায় বিক্রি করে দিয়েছে। গত রবিবার দিনব্যাপী অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গতকাল সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
জানা গেছে, ১০ এপ্রিল রাত ৮টায় উত্তরার জমজম টাওয়ারের সিঁড়ি, বিভিন্ন ফ্লোর ও ফুড কোর্টে অপেক্ষার পর রাত ৯টার দিকে দোকানগুলো একে একে বন্ধ হলে ওত পেতে থাকা যুবকরা বেরিয়ে আসে। এরপর তারা ৬ তলার কুইন গোল্ড হাউজে হানা দিয়ে কয়েক সেকেন্ডের চেষ্টায় দোকানের সবগুলো তালা কেটে ফেলে। এরপরে চক্রের এক যুবক মুখে কাপড় বেঁধে দোকানের ভেতরে ঢুকে ব্যাগের ভেতরে স্বর্ণ ঢুকিয়ে মাত্র ২০ মিনিটে মিশন শেষ করে। লুটের সময় বাইরে মার্কেট ও গলিগুলো পাহারায় ছিল চক্রের আরো কয়েকজন। এসব দৃশ্য মার্কেটে ও দোকানে থাকা সিসি ক্যামেরায় ধরা পড়ে। এ ঘটনায় মামলা হলে পুলিশ তদন্তে নেমে অভিযুক্তদের চিহ্নিত করে। রবিবার বিকালে আব্দুল্লাহপুরের একটি হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
কুইন গোল্ড হাউজের মালিক প্রদীপ কুমার হালদার বলেন, চক্রটি দোকানের সামনের গ্লাসের ভেতরে থাকা ৫০ লাখ টাকার স্বর্ণ লুট করে নিয়ে গেছে।