৫ মে গণজারণ মঞ্চ ভেঙে ‘ইসলামী চত্বর’ করবে হেফাজত
প্রকাশ : ০৮ এপ্রিল ২০১৩, ২২:৫৮
হেফাজতে ইসলামের নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, শাহবাগের ‘গণজাগরণ মঞ্চ’ আগামী ৫ মে’র মধ্যে সরকার ভেঙে না দিলে তা দখল করে ‘ইসলামী চত্বর’ ঘোষণা করা হবে। গতকাল হরতাল চলাকালে লালবাগ শাহী মসজিদে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মুফতি মুহাম্মদ তৈয়ব এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, নাস্তিকদের সহযোগী এই সরকারের পতন নিশ্চিত। গণজাগরণ মঞ্চের নামে ইসলাম ধ্বংস করার নীল নকশা চলছে। সরকার মনে করছে তারা পার পেয়ে যাবে। কিন্তু এ স্বপ্ন সফল হবে না।
তিনি আরো বলেন, আমাদের ১৩-দফা দাবি না মানলে কঠোর কর্মসূচি দেয়া হবে। ইসলামের অস্তিত্ব রক্ষায় হেফাজতে ইসলাম আন্দোলনে নেমেছে। সফল না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না। আমরা শান্তিপূর্ণ কর্মসূচিতে বিশ্বাসী। কিন্তু আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে চাইলে সরকার বাধা দিচ্ছে।
এদিকে হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, হেফাজতে ইসলামের হরতাল কর্মসূচিতে বিভিন্ন স্থানে নেতা-কর্মীদের উপর হামলা, মামলা ও পুলিশের গ্রেফতার অভিযানের অভিযোগ এনে তার নিন্দা জানিয়েছেন হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ আহমদ শফী। গতকাল সোমবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল পালন করায় তিনি উলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্র-শিক্ষকসহ সকলকে ধন্যবাদ জানান। তবে দেশের কোন কোন অঞ্চলে হরতালে বাধাদান ও হামলার অভিযোগ করেন তিনি। তিনি বলেন, ওলামায়ে কেরাম ও মাদ্রাসা ছাত্রদের উপর ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের ক্যাডার বাহিনী গুলি বর্ষণ ও দা-ছুরি, লাঠি নিয়ে হামলা চালিয়ে আমাদের শত শত নেতাকর্মীকে আহত করেছে। তাছাড়া বিভিন্ন মিডিয়ায় সরকারের মন্ত্রী, এমপি ও ইসলাম বিদ্বেষীরা হেফাজতে ইসলামের বিরুদ্ধে নানা অপপ্রচার ও বিভ্রান্তি ছড়াচ্ছে। সরকারপ্রধানসহ বিভিন্ন মন্ত্রী আমাদের ন্যায্য দাবির ব্যাপারে স্বীকারোক্তি দিয়েছিলেন। কিন্তু আমাদের দাবিগুলো মেনে নেয়ার সোজা পথে না গিয়ে মনে হচ্ছে সরকার উল্টো দমন-পীড়নে নেমেছে।
হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা হাফেজ মুহাম্মদ জুনায়েদ বাবুনগরী বলেন, সরকারের কাছে আমরা ১৩ দফা দাবি পেশ করেছি। কিন্তু সরকার আমাদের দাবি বাস্তবায়নে প্রতিশ্রুতি দিয়ে এখন সম্পূর্ণ উল্টো অবস্থান নিয়েছে। আমরা অবিলম্বে ১৩ দফা বাস্তবায়নের অনুরোধ করছি। দাবি না মেনে উল্টো অবস্থান নিলে উদ্ভূত পরিস্থিতির দায়ভার সরকারকেই নিতে হবে।