যুক্তরাষ্ট্রের আরো ১৭ লাখ কূটনৈতিক নথি প্রকাশ করলো উইকিলিকস
প্রকাশ : ০৮ এপ্রিল ২০১৩, ২২:৫৮
সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকস আবার যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ও গোয়েন্দা নথি প্রকাশ করেছে। এবার প্রায় সতের লাখ নথি প্রকাশ করেছে জুলিয়ান অ্যাসাঞ্জের এই ওয়েবসাইট। গতকাল সোমবার এসব নথিপত্র প্রকাশ করা হয়। এর মধ্যে রয়েছে ১৯৭০-এর দশক ও এর পরের কূটনৈতিক ও গোয়েন্দা রিপোর্ট। তবে এসব রিপোর্ট ফাঁস করা হয়নি, যুক্তরাষ্ট্রের জাতীয় মহাফেজখানায় এগুলো পাওয়া যায়। খবর বিবিসির।
এসব রিপোর্টের মধ্যে ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর বিরুদ্ধে অস্ত্র ক্রয়ে মধ্যস্থতা করার অভিযোগ পাওয়া যায়। ১৯৭৬ সালের ফেব্রুয়ারির এক রিপোর্টে বলা হয়, রাজিব গান্ধী সুইডেনের একটি কোম্পানির হয়ে যুদ্ধবিমান ক্রয়ের চুক্তিতে মধ্যস্থতা করেন। তবে রাজীব গান্ধীর দল ভারতের ক্ষমতাসীন কংগ্রেস এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
লন্ডন থেকে পাঠানো ১৯৭৫ সালের অন্য এক রিপোর্টে ব্রিটনের কনজারভেটিভ পার্টির নতুন নেতা মার্গারেট থ্যাচারের সঙ্গে মিডিয়ার শীতল সম্পর্ক ছিল উল্লেখ করে বলা হয়, তিনি সত্ ও সহকর্মীদের সোজাসাপ্টা কথা বলেন।
ইউকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ এখন লন্ডনে ইকুয়েডর দূতাবাসে অবস্থান করছেন। গত জুন থেকে অস্ট্রেলিয়ার নাগরিক অ্যাসাঞ্জ ওই দূতাবাসে আছেন। তার বিরুদ্ধে সুইডেনের দুই নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।