অব্যাহত সহিংসতা ও সংঘাতে জাপানি রাষ্ট্রদূতের উদ্বেগ
প্রকাশ : ০৮ এপ্রিল ২০১৩, ২২:৫৮
বাংলাদেশে অব্যাহত সহিংসতা ও রাজনৈতিক সংঘাতের নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন জাপানের রাষ্ট্রদূত সিরো সাদোসিমা। গতকাল সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, সম্প্রতি সংঘাতপূর্ণ রাজনীতির কারণে অনেক প্রাণ ঝরছে। ট্রেন ও যানবাহনের ক্ষয়ক্ষতি হচ্ছে।
সামাজিক অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। বাংলাদেশের সঙ্গে জাপানের অর্থনৈতিক সম্পর্কেও এ সংঘাতের প্রভাব পড়ছে। জাপানের রাষ্ট্রদূত বলেন, মত প্রকাশ ও শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানোর অধিকারকে সম্মান জানানো উচিত। কিন্তু কোন রাজনৈতিক দলেরই নিরাপরাধ সাধারণ মানুষের জীবন ও জীবিকার উপর হামলার যৌক্তিকতা খোঁজা ঠিক নয়। রাষ্ট্রদূত সকল রাজনৈতিক দল ও নাগরিককে আইনের শাসনের প্রতি সম্মান জানানোর এবং শান্তিপূর্ণ উপায়ে আলোচনার মাধ্যমে বর্তমান সংকট নিরসনেরও আহবান জানান।