সৌদি আরবে বিএনপির বৈঠক

শারীরিক সুস্থতার ওপর দেশে ফেরা নির্ভর করছে : তারেক রহমান

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, চিকিত্সার জন্য বিদেশে আসতে হবে আমি তা কখনোই জানতাম না। এটা বলতে পারবেন তিনিই যিনি আমাকে এই দুনিয়ায় পাঠিয়েছেন। আমি এখনো পুরোপুরি সুস্থ না। আরো কিছু সমস্যা রয়ে গেছে। শারীরিক সুস্থতার ওপর দেশে ফেরা নির্ভর করছে। তিনি বলেন, গত পাঁচ-ছয় বছর ধরে আমার এবং জিয়া পরিবারের ওপর যে নির্যাতন হয়েছে—দেশ ও মানুষের স্বার্থে তা বুকের গভীরে চেপে রেখেছি। আমি বিশ্বাস করি, নেতা-কর্মীদেরও দেশের স্বার্থে সেই যন্ত্রণা বুকে চেপে রাখার শক্তি আছে। সৌদি আরবে ওমরা পালন শেষে জেদ্দায় হোটেল হলি-ইন-সালামের বলরুমে বিএনপির সৌদি আরব কেন্দ্রীয় কমিটির (পশ্চিমাঞ্চল) প্রতিনিধি সভায় তারেক রহমান এসব কথা বলেন। গতকাল সোমবার বেসরকারি টেলিভিশন বাংলাভিশনে তারেক রহমানের এ বক্তব্য প্রচার করা হয়। তারেক রহমান নেতা-কর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। সৌদি আরব বিএনপির সভাপতি আহমেদ আলী মুকিব ওই সভায় সভাপতিত্ব করেন। প্রায় পাঁচ বছর পর এই প্রথম তারেক রহমান লন্ডনের বাইরে কোথাও যান এবং রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেন। রবিবার তিনি সৌদি আরব থেকে লন্ডনে ফিরে যান। গত ১ এপ্রিল তারেক রহমান পবিত্র ওমরা পালনের জন্য লন্ডন থেকে সৌদি আরব যান।