হিলারি ২০১৬ সালে প্রেসিডেন্ট প্রার্থী হতে পারেন

যুক্তরাষ্ট্রের ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে পারেন দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। আগামী নির্বাচনে হিলারি প্রার্থী হবেন এমন জল্পন-কল্পনার মধ্যে এ আভাস দিলেন তার স্বামী সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন। ভারতের এনডিটিভিসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের অন্যতম জনপ্রিয় প্রেসিডেন্ট বিল ক্লিনটন গত শনিবার এক অনুষ্ঠানে বলেন, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জনগণ ভাল কাউকে নির্বাচিত করার সুযোগ পাবে। তার এই বক্তব্যকে সেইন্ট লুইসের গ্লোবাল ইনিশিয়েটিভের (সিজিআই) অনুষ্ঠানে আসা দর্শকেরা তুমুল করতালি দিয়ে স্বাগত জানান। কেননা তারা ধরে নিয়েছেন, নির্বাচনে হিলারির প্রতিদ্বন্দ্বিতা করার ইঙ্গিতই দিয়েছেন বিল ক্লিনটন। অনুষ্ঠানে বিল ক্লিনটন জানান, তিনি এক প্রেসিডেন্টের দুই মেয়াদের বেশি ক্ষমতায় না থাকার নিয়মের পক্ষে। কিন্তু পরপর দুই মেয়াদের পর অন্য কোনো সময় একই ব্যক্তির পুনরায় প্রেসিডেন্ট হওয়ার বিষয় তিনি প্রত্যাখ্যান করেন না। গত ফেব্রুয়ারিতে পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর চলতি সপ্তাহে দুই বার জনসমক্ষে এসেছেন হিলারি ক্লিনটন। ২০১৬ সালে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি প্রার্থী হবেন বলে জোর সম্ভাবনা রয়েছে। তার প্রার্থিতার বিষয়ে রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেন, হিলারি একজন দুর্দান্ত প্রেসিডেন্ট প্রার্থী হতে পারেন। তবে এক্ষেত্রে অনেক কিছুই ওবামা প্রশাসনের সফলতার উপর নির্ভর করছে।