বাগেরহাটে অস্ত্র কারখানার সন্ধান, গ্রেফতার ৩
প্রকাশ : ০৮ এপ্রিল ২০১৩, ২৩:০১
বাগেরহাটের নিভৃত পল্লীতে অবৈধ আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। সেখান থেকে বিভিন্ন সরঞ্জামসহ একাধিক আগ্নেয়াস্ত্র, অর্ধশতাধিক বোতল ফেনসিডিল ও গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় ব্যাঙ্ক ডাকাতি মামলার পলাতক আসামি শাহাদাতসহ তিনজনকে গ্রেফতার করা হয়। গতকাল সোমবার ভোরে সদর উপজেলার ডেমা ইউনিয়নের কালিয়া গ্রামে মিলন শেখের বাড়িতে অভিযান চালিয়ে এই অস্ত্র কারখানার সন্ধান পায় সদর মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন অস্ত্রের কারিগর হিসাবে পরিচিত মিলন শেখ (৩০), পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার বাদুরা গ্রামের আদম আলী পঞ্চায়েতের ছেলে শাহাদাত আলী পঞ্চায়েত (৩২) ও তার দেহরক্ষী মঠবাড়িয়া উপজেলার চিত্রা পাতাকাটা গ্রামের আব্দুল মান্নান হাওলাদারের ছেলে ফারুক হাওলাদার (৩২)।
উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে দুটি সক্রিয় এলজি, লম্বা চারটি জিআই পাইপ, চাপাতি তৈরির স্টিলের ডাইস, ড্রিল মেশিন, হাতুড়ি, স্ক্রু ড্রাইভার, হ্যাক্স ব্লেড, লোহা নরম করার হাপর, কাঠ ছিদ্র করার যন্ত্র, পঞ্চান্ন বোতল ফেনসিডিল ও আধা কেজি গাঁজা।
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, শাহাদাত ব্র্যাক ব্যাঙ্কে ডাকাতি ও হত্যাসহ অন্তত আটটি মামলার পলাতক আসামি। সে তার দেহরক্ষী ফারুককে নিয়ে মিলনের কাছ থেকে অস্ত্র কিনতে এসেছিলো। তিনি আরো জানান, মিলন অস্ত্র তৈরিতে বেশ দক্ষ। সে তিন থেকে পাঁচ হাজার টাকায় প্রতিটি আগ্নেয়াস্ত্র বিক্রি করে। তার বাবা মৃত ফজলু শেখ সুন্দরবনের বনদস্যু ছিলেন। মিলন তার বাবার কাছেই অস্ত্র তৈরি করতে শেখে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবু জিহাদ ফখরুল আলম খান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। গতকাল দশদিনের রিমান্ডের আবেদনসহ তাদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।