ব্লগার আসিফ আরো ১ দিনের রিমান্ডে

ফেসবুক ও ব্লগে ইসলাম ধর্ম, মহানবী (সা.) এবং অন্যান্য ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে ব্লগার আসিফ মহিউদ্দিনের দ্বিতীয় দফায় আবারো ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকা মহানগর আদালতের বিচারক এরফান উল্লাহ গতকাল সোমবার এ আদেশ দেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর পশ্চিম গোয়েন্দা পুলিশের পরিদর্শক মইনুল ইসলাম গত ৪ এপ্রিল মঞ্জুর হওয়া ৩ দিনের রিমান্ড শেষে গতকাল আসামি আসিফকে আদালতে হাজির করে দ্বিতীয় দফায় আবারো ৭ দিন রিমান্ড চেয়ে আবেদন করেন। তাকে ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার করে এ রিমান্ড চাওয়া হয়। আসিফের বিরুদ্ধে ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে ইসলাম ও মহানবী (স.) সহ অন্যান্য ধর্ম সম্পর্কে কটূক্তি, ব্যঙ্গচিত্র ও অশালীন বক্তব্য প্রচার করেছে যা জনগণের ধর্মীয় অনুভূতিতে প্রচণ্ড আঘাত করেছে বলে অভিযোগ করা হয়েছে। রাজধানীর হাতিরপুল এলাকার একটি বাসা থেকে গত মঙ্গলবার রাতে ব্লগার আসিফ মহিউদ্দিনকে আটক করে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে নাস্তিক বলে স্বীকার করেছেন। উল্লেখ্য, একই অভিযোগে গত ২ এপ্রিল তিন ব্লগার মশিউর রহমান বিপ্লব ও রাসেল পারভেজ রাসেল, সুব্রত অধিকারী শুভর ৭ দিন করে রিমান্ড আদালত মঞ্জুর করে।