বিএনপি নেতাদের দ্রুত বিচার মামলার চার্জশিট শুনানি ১৬ এপ্রিল
প্রকাশ : ০৮ এপ্রিল ২০১৩, ২৩:০২
বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ এমপি ও মির্জা আব্বাসসহ ৪১ নেতাকর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলার অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার শুনানির জন্য ১৬ এপ্রিল দিন ধার্য রাখা হয়েছে।
গতকাল সোমবার ঢাকার দ্রুত বিচার আদালত-৬-এর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান এ আদেশ দেন। গতকাল অভিযোগপত্রের শুনানির জন্য দিন ধার্য ছিলো; কিন্তু হরতালের কারণে আসামিদের আদালতে হাজির করা না হলে শুনানির জন্য এইদিন ধার্য করা হয়। গত ১৯ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা এসআই মশিউর রহমান ৪১ নেতাকর্মীকে দ্রুত বিচার আইনের ৪ ও ৫ ধারার অপরাধে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
গত ৬ মার্চ বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা সমাবেশকে কেন্দ্র করে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে পরদিন রাজধানীর পল্টন থানায় দ্রুত বিচার আইনে এ মামলা দায়ের করে পুলিশ। রবিবার এ মামলাসহ ৫টি মামলায় ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা অব্বাসসহ ১০ কেন্দ্রীয় নেতার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠিয়ে দেয় আদালত।