১৭ দফা দাবি
আশুগঞ্জে অনির্দিষ্টকালের জন্য নৌযান শ্রমিক ধর্মঘট অব্যাহত
প্রকাশ : ০৮ এপ্রিল ২০১৩, ২৩:০৩
আশুগঞ্জে মজুরি বৃদ্ধি, নৌ-পথে চাঁদাবাজি ও ডাকাতি বন্ধসহ ১৭ দফা দাবিতে নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে গতকাল সোমবার চতুর্থ দিনেও লাগাতার ধর্মঘট অব্যাহত রয়েছে। এতে প্রায় ২ শতাধিক মালবাহী কার্গোজাহাজ বন্দরে আটকা পড়েছে। কর্মবিরতিতে একাত্মতা প্রকাশ করে বাল্কহেড, তেলবাহী ট্যাংকার, বালুবাহী নৌকা, লাইটার জাহাজ সকল প্রকার নৌযান আন্দোলনে অংশগ্রহণ করে কর্মবিরতি পালন করছে। তবে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। ধর্মঘটের কারণে কার্গোজাহাজ ও কোন প্রকার মালবাহী নৌযান আশুগঞ্জ নদীবন্দর থেকে ছেড়ে যায়নি । বন্দরের মেঘনা নদীতে আটকা পড়েছে বিভিন্ন পণ্যবাহী প্রায় দুই শতাধিক কার্গোজাহাজ। আটকাপড়া মালবাহী জাহাজের পণ্য কার্েগাজাহাজ থেকে খালাস করতে না পারায় পণ্য সরবরাহকারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বন্ধ হয়ে গেছে নদীবন্দরের সকল প্রকার কার্যক্রম। বেকার হয়ে পড়েছে বন্দরের প্রায় ৫’শতাধিক শ্রমিক।
নৌযান শ্রমিক ফেডারেশনের আশুগঞ্জ শাখার কেন্দ্রীয় সমন্বয়ক বাহার মাষ্টার জানান, ১৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে নৌ-যান শ্রমিকদের ডাকে লাগাতার ধর্মঘটের কর্মসূচী চলছে। দাবি মেনে নেয়ার আগ-পর্যন্ত লাগাতার ধর্মঘট চলবে। বাংলাদেশ কার্গো ভ্যাসেল ওনার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসাইন হামদু জানান, ধর্মঘটের কারণে ব্যবসায়ীদের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের উত্পাদিত জরুরি কাঁচামাল নিয়ে জাহাজ আটকা পড়ায় মালামাল পরিবহন ব্যাহত হচ্ছে। এইভাবে টানা জাহাজ বন্ধ থাকলে মালিক পক্ষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে।