চলচ্চিত্রে নিশা

লাক্স-চ্যানেল আই সুপারস্টার নিশা মডেলিং ও অভিনয়ে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন। এবার তিনি ছোটপর্দার গণ্ডী পেরিয়ে অভিনয় করার প্রস্তুতি নিচ্ছেন রুপালি পর্দার জন্য। মানসিকভাবে পুরোপুরি প্রস্তুত তিনি। নিশা বলেন, ‘অনেকগুলো নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করেছি। অভিনয়টা আমি খুব উপভোগ করি। কিন্তু আমার জন্য অভিনয়ের স্বপ্নের জায়গা হচ্ছে চলচ্চিত্র। এবার সেখানে পা বাড়াতে চাইছি। মৌলিক ভালো গল্পকে প্রাধান্য দিয়েই চলচ্চিত্রে কাজ করব। ব্যাটে বলে মিললে এক কথায় রাজি আমি। চলচ্চিত্রে কাজের জন্য নিজেকে নাচেও দক্ষ করে তুলতে বেশ পরিশ্রম করেছি গত দুটি বছর।’ উল্লেখ্য, নিশা অভিনীত প্রথম নাটকটি পরিচালনা করেছেন প্রয়াত দেশবরেণ্য সাহিত্যিক ও পরিচালক হুমায়ূন আহমেদ। নাটকটির নাম ‘স্বপ্ন এবং স্বপ্নভঙ্গ।’ তারপর অনেকগুলো নাটকে অভিনয় করেছেন তিনি।