কারাকাসে বিরোধীদলের বিশাল সমাবেশ

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বিরোধীদলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী হেনরি ক্যাপ্রিলেসের বিশাল নির্বাচনী জনসমাবেশ হয়েছে। কারাকাসের ঐতিহাসিক বলিভার অ্যাভিনিউতে রোববার এ সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ কারাকাসের রাস্তা সুখে ও আশায় ভরে উঠেছে, আগামী রোববার কি ঘটবে এতে তাই নিশ্চিত হচ্ছে, ভাষণে বলেন, ৪০ বছর বয়সী মিরান্দা প্রদেশের গভর্নর ক্যাপ্রিলেস। তিনি ভেনেজুয়েলার অস্থায়ী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ১৪ এপ্রিল, রোববার দেশটির প্রেসিডেন্ট নির্বাচন। দেশটির প্রয়াত জনপ্রিয় প্রেসিডেন্ট উগো চ্যাবেসের মনোনীত প্রার্থী মাদুরো। তিনি চ্যাবেস প্রবর্তিত সমাজতান্ত্রিক ভেনেজুয়েলার ধারাবাহিকতা অব্যাহত রাখতে চান, আর ক্যাপ্রিলেস চ্যাবেস প্রবর্তিত সমাজতান্ত্রিক ধারার বিরোধী পশ্চিমাপন্থি নেতা। গত ৫ মার্চ দুই বছর ক্যান্সারের সঙ্গে লড়াই করে চতুর্থবারের মতো নির্বাচিত প্রেসিডেন্ট চ্যাবেস মৃত্যুবরণ করেন। মারা যাওয়ার আগে মাদুরোকে তিনি উত্তরাধিকারী মনোনীত করে যান। বলিভার অ্যাভিনিউ সাধারণ লাল পতাকা ও লাল টি-শার্ট পরা চ্যাবেস সমর্থকদের দিয়ে ভরা থাকে।