গম উত্পাদন ব্যাহত সংকটে যুক্তরাজ্য

খারাপ আবহাওয়ার কারণে উত্পাদন ব্যাহত হয়ে গম সঙ্কটের মুখে পড়েছে যুক্তরাজ্য। ফলে এক দশকের মধ্যে যুক্তরাজ্যকে এবছরই প্রথম গম আমদানি করতে হবে বলে মনে করা হচ্ছে। গতবছর গ্রীষ্মে আবহাওয়া অনুকূল না থাকায় প্রায় ২০ লাখ টন গম উত্পাদন ব্যাহত হয়েছে। — খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। আবার এ বছর যুক্তরাজ্যে শীতল আবহাওয়া বিরাজ করায় হেমন্তের ফসলও ক্ষতিগ্রস্ত হবে বলে জানিয়েছেন দেশটির ন্যাশনাল ফারমার্স ইউনিয়নের (এনএফইউ) প্রেসিডেন্ট পিটার কেনডাল। বিবিসির রেডিও ফোর’স টুডে প্রোগ্রামে কেনডাল বলেন, গত গ্রীষ্মে গম উত্পাদন গড়ে ৭ দশমিক ২ টন থেকে কমে হেক্টরপ্রতি ৬ দশমিক ৭ টনে দাঁড়িয়েছে। তবে বিশ্ববাজারের গতিপ্রকৃতি অনুযায়ী গমের এই স্বল্পতা রুটির দামের ওপর কোনো প্রভাব ফেলবে না বলেই আশ্বস্ত করেছেন তিনি। এবছর ফসলের হাল-হকিকত সম্পর্কে কেনডাল বলেন, এবছর কৃষকরা বপন করা গমের মাত্র তিন-চতুর্থাংশ উত্পাদন করতে পেরেছে। ফলে যতটুকু উত্পাদন হওয়ার কথা ছিল তার চেয়ে এবছর ইতোমধ্যেই ২৫ শতাংশ কম গম উত্পাদন হয়েছে। ২০১২ সালে ফসল উত্পাদনে খারাপ সময় যাওয়ার পর এবছর কৃষকরা ভাল ফসলের আশায় ছিল। কিন্তু তা হয়নি, বলেন এনএফইউর শস্য বোর্ডের চেয়ারম্যান ও গম কৃষক এন্ড্রু ওয়াটস।