মার্জিন ঋণের চাপে নিষ্ক্রিয় বিওতে লেনদেনের সুযোগ
প্রকাশ : ০৯ এপ্রিল ২০১৩, ২০:৩২
মার্জিন ঋণের চাপে যেসব বিও (বেনিফিশিয়ারি ওনার্স) অ্যাকাউন্টে লেনদেন করা যাচ্ছিল না সেসব নিষ্ক্রিয় অ্যাকাউন্টগুলোতে লেনদেনের সুযোগ করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ডিএসই’র আবেদনের প্রেক্ষিতে গতকাল কমিশন সভায় মার্জিন রুলস, ১৯৯৯ এর বিধি ৫ (৩) ধারা স্থগিত করার কারণে এ সুবিধা পেলেন বিনিয়োগকারীরা। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এ ধারাটি স্থগিত করা হয়েছে। বিএসইসির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে আইন ভঙ্গ করায় তিনটি ব্রোকারেজ হাউসকে জরিমানা করারও সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। গ্লোব সিকিউরিটিজ লিমিটেডকে ৩ লাখ টাকা এবং রিলায়েন্স ব্রোকারেজ সার্ভিস লিমিটেড ও আইসল্যান্ড সিকিউরিটিজ লিমিটেডকে ২ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। আইন ভঙ্গ করে জেড ক্যাটাগরির শেয়ার ক্রয়ে ঋণ প্রদান এবং অতিরিক্ত ঋণ প্রদানসহ বেশ কিছু কারণে এ জরিমানা করা হয়েছে বলে জানিয়েছে বিএসইসি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মার্জিন রুলের ৫ (৩) ধারাটি স্থগিত হওয়ায় যে সব বিনিয়োগকারীর মার্জিন ইকুয়িটি ১৫০ শতাংশের নীচে নেমে এসেছে তারা এখন লেনদেন করতে পারবেন। আগে কোন বিও একাউন্টের মার্জিন ইক্যুয়িটি ১৫০ শতাংশের নীচে নেমে এলে ওই হিসাব থেকে বিনিয়োগকারীরা শেয়ার লেনদেন করতে পারতেন না। এ সিদ্ধান্তের ফলে শেয়ারবাজারে লেনদেন বাড়বে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। তবে ব্রোকারেজ হাউসের যে সব বিনিয়োগকারী মার্জিন লোন নিয়েছেন শুধু তারাই এ সুবিধার আওতায় থাকবেন বলে একটি মার্চেন্ট ব্যাংকের শীর্ষ কর্মকর্তা জানান। তিনি বলেন, ব্রোকারেজ হাউসের মার্জিন গ্রাহকরা মার্জিন রুলস ১৯৯৯ অনুসরণ করে। আর মার্চেন্ট ব্যাংক মার্জিন রুলস ১৯৯৬ অনুসরণ করে।