পেকুয়ার ১৫ জেলে বোটসহ সাগরে নিখোঁজ ৭৮ দিন
চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা
প্রকাশ : ০৯ এপ্রিল ২০১৩, ২১:০২
কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের ১৫ জন মাঝি-মাল্লা ফিশিং বোট নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ৭৮ দিনেও বাড়ি ফিরে আসেনি। বর্তমানে এসব মাঝি-মাল্লাদের পরিবারে চলছে শোকের মাতম। এ ঘটনায় ফিশিং বোট মালিক থানায় জিডি ও প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরে লিখিতভাবে জানালেও নিখোঁজ মাঝি-মাল্লাদের সন্ধান ও উদ্ধারে প্রশাসনের ইতোপূর্বে কোন ধরনের উদ্যোগ নেয়নি বলে অভিযোগ করেছেন তাদের পরিবারের সদস্যরা। ফিশিং বোট মালিক পেকুয়া উপজেলার রাজাখালী সুন্দরী পাড়া গ্রামের আবু তাহের জানান, তার মালিকানাধীন ‘এস.বি গোলচেহের’ নামের ফিশিং বোটটি এলাকার (রাজাখালী) ১৫ জন মাঝি-মাল্লা নিয়ে গত ২০ জানুয়ারি থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। গত ৭৮ দিনেও আর বাড়ি ফিরেনি। তিনি আরো জানান, মাঝি-মাল্লাদের খোঁজে ইতোমধ্যে সাগর পথে টেকনাফ, কুতুবদিয়া, কক্সবাজার, ধলঘাটা, মাতারবাড়িসহ বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালিয়েছে। কিন্তু কোথাও তাদের খোঁজ মেলেনি। এ ঘটনায় ফিশিং বোট মালিক বাদী হয়ে গত ১২ ফেব্রুয়ারি পেকুয়া থানায় একটি ডায়রি করেছেন। একই সাথে প্রশাসনের একাধিক দপ্তরে অবহিত করেছেন। পেকুয়া থানার ওসি মো. মাঈনউদ্দিন বলেন, মাঝি-মাল্লারা সাগরের কোন্ পয়েন্টে মাছ ধরতে গেছে তা সুনির্দিষ্ট করে সংবাদ পাওয়া যায়নি। তাছাড়া যে স্থানে মাছ ধরতে গেছে তা পেকুয়া থানার নিয়ন্ত্রণের বাইরে। সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খালেদ উজ জামান এ প্রসঙ্গে বলেন, মাঝি-মাল্লা নিখোঁজের ব্যাপারে পেকুয়া থানায় একটি জিডি রুজু হয়েছে। তাদের সন্ধানে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।