সাটুরিয়ার নকল জুস কারখানায় সিল গালা
সাটুরিয়া (মানিকগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ০৯ এপ্রিল ২০১৩, ২১:০৬
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি চরপাড়া গ্রামে একটি নকল জুস ও কোমল পানীয় কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার উপজেলা সহকারী কমিশনার ভূমি খালেদা নাসরিনের নেতৃত্বে থানা পুলিশ উপজেলার বালিয়াটি চরপাড়া গ্রামের আঃ আলীমের ভাড়া বাড়ি থেকে ৫ হাজার বোতল বিভিন্ন ব্র্যান্ডের নকল জুস ও কোমল পানীয় উদ্ধার করে। এসময় কারখানায় অবস্থানরত ৮ জনকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালত। গ্রেফতারকৃত প্রত্যেককে ১ মাসের জেল ও ৫০ হাজার টাকা জরিমানার বিধান রেখে সাজা প্রদান করে । গ্রেফতারকৃতরা হল ধামরাইয়ের মতিয়ারের ছেলে পলাশ (২০), শিবগঞ্জের মোহাম্মদ আলীর পুত্র মানিক (১৮), তারাজুলের পুত্র মেহেদী (২০), শাহাদাতের পুত্র সোহেল (১৮), মঞ্জেলের পুত্র আরিফ হোসেন (১৯), হারেজ উদ্দিনের পুত্র রবিউল (২২), মোহাম্মদ আলীর পুত্র জুয়েল (২২), জসিমের পুত্র নুরুল ইসলাম (২৪)। উপজেলার বালিয়াটি ইশ্বরচন্দ উচ্চ বিদ্যালয়ের মাঠে বিকালে খান ফ্রুট, জিনসিন প্লাস, ফিলিংস এনার্জী ড্রিংকস, পিওর জিনসিং, এ্যাকটিভ এনার্জী ড্রিংস, হর্স ফিলিংসসহ সয়াবিন তৈল, সরিষার তৈলের ৫ হাজার বোতল ও বিভিন্ন ব্র্যান্ডের প্রচুর স্টিকার ধ্বংস করে। কারখানাটি সিলগালা করে বন্ধ করে দেয়। গ্রেফতারকৃতরা কারখানার মালিকের পরিচয় জানাতে পারেনি। এ ব্যাপারে কারখানার প্রকৃত পরিচয় ও ঠিকানা জেনে মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।