গোমস্তাপুরে স্বামীকে পুলিশে দিল স্ত্রী
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ০৯ এপ্রিল ২০১৩, ২১:০৬
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশে ধরিয়ে দিয়েছে এক স্ত্রী। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ বছরের কারাদণ্ড দেয়া হয়। গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক নূর মোহাম্মদ জানান, উপজেলার বোয়ালিয়া ইউনিয়নে কাশিয়াবাড়ী গ্রামের মৃত সাত্তার মাস্টারের মাদকসেবী পুত্র হাবিবুর রহমান (৪৫) মাদকের টাকার জন্য স্ত্রীসহ পরিবারের সদস্যদের অতিষ্ঠ করে আসছিল। তার নির্যাতন সইতে না পেরে স্ত্রী সায়েরা মঙ্গলবার দুপুরে তাকে রহনপুর তদন্ত কেন্দ্রে মাদকসেবন অবস্থায় নিয়ে আসে। পরে পুলিশ ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।