বরেণ্য সঙ্গীতশিল্পী সুবীর নন্দীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক প্রকাশ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বরেণ্য সঙ্গীতশিল্পী সুবীর নন্দীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। মঙ্গলবার এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন,  সুবীর নন্দীর মৃত্যু দেশের সঙ্গীত জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি।

 

রাষ্ট্রপতি সুবীর নন্দীর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

 

সিঙ্গাপুরে জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন জনপ্রিয় সংগীতশিল্পী সুবীর নন্দী  বাংলাদেশ সময় আজ মঙ্গলবার ভোর সাড়ে চারটায় মারা গেছেন। এর আগে ঢাকা ও সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় টানা ১৮ দিন চোখ মেলেননি সুবীর নন্দী। পরে গত ৩ মে চোখ মেলেন তিনি। তবে এর কয়েক ঘণ্টার ব্যবধানে শনি ও রবিবার দুই দফায় হার্ট অ্যাটাক হয় সুবীর নন্দীর। এরপরই তার অবস্থা 'সঙ্কটাপন্ন' বলে জানান তার চিকিৎসকরা। বাংলাদেশে সুবীর নন্দীর চিকিৎসার বিষয়টি সমন্বয় করছিলেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জাতীয় সমন্বয়ক সামন্ত লাল সেন।

আরো পড়ুন : আত্মবিশ্বাস ফেরানোর চ্যালেঞ্জ আজ

১৪ এপ্রিল রাতে স্বপরিবারে সিলেট থেকে ঢাকায় ফিরছিলেন সুবীর নন্দী। উত্তরার কাছাকাছি আসতেই হঠাৎ তার শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে পড়ে। এ সময় তাকে ট্রেন থেকে নামিয়ে অ্যাম্বুলেন্সে করে সিএমএইচে নেওয়া হয়েছে। সিএমএইচে চিকিৎসাধীন থাকা অবস্থায় তাকে প্রধানমন্ত্রীর নির্দেশে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত হয়। পরে গত ৩০ এপ্রিল (মঙ্গলবার) তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

 

ইত্তেফাক/ইউবি