রংপুরে বিদেশগমনেচ্ছু নারী কর্মীদের রেজিস্ট্রেশন শুরু

রংপুরে চলছে বিদেশ গমনেচ্ছু নারী কর্মীদের রেজিস্ট্রেশন কার্যক্রম। গত রবিবার থেকে রংপুর জেলায় শুরু হওয়া সরকারের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অধীনে বিদেশ গমনেচ্ছু নারী কর্মীদের রেজিস্ট্রেশন কার্যক্রমে ব্যাপক সাড়া মিলেছে। গত দুই দিনে রংপুর বিভাগে মোট ১ হাজার ২৮০ জন নারী কর্মী রেজিস্ট্রেশন করেছেন। এর মধ্যে রংপুর জেলায় ৩৭৩ জন এবং রংপুর সিটি কর্পোরেশনের অধীনে ১৫০ জন রেজিস্ট্রেশন করেছেন। রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী ১১ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে। ১শ’ টাকার বিনিময়ে নগর তথ্য সেবা কেন্দ্র ও ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে ২৫ থেকে ৪৫ বছরের নারীরা রেজিস্ট্রেশন করতে পারবে। তবে রেজিস্ট্রেশনের সময় জন্ম নিবন্ধনের সনদ বাধ্যতামূলক আনতে হবে। প্রথম পর্যায়ে হংকং ও সিঙ্গাপুরে, পর্যায়ক্রমে জর্ডান, মারিশাস ও চাহিদা মোতাবেক মধ্যপ্রাচ্যের দেশগুলোতে নার্স, হাউস কিপার, স্টোর কিপার, কেয়ারগিভারসহ গার্মেন্টস, অভ্যর্থনা, দোকান কর্মচারী, গৃহকর্মী, পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মী, ফল সংগ্রহকারী, কৃষি শ্রমিক, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, মাছ প্রক্রিয়াজাতকরণ, পরিচর্যাকারী, কারখানা নারী শ্রমিক নিয়োগ করা হবে।