হানিফের বিরুদ্ধে আইনি
ব্যবস্থা নেবেন
মাহমুদুর রহমান
প্রকাশ : ০৯ এপ্রিল ২০১৩, ২২:১৩
‘মিথ্যা ও বানোয়াট’ বক্তব্য দেয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। গতকাল মঙ্গলবার এক প্রতিবাদ বিবৃতিতে তিনি এ কথা জানান। ‘হেফাজতে ইসলামের লংমার্চ নিয়ে ৮৫ কোটি টাকার ভাগ-ভাটোয়ারা হয়েছে আমার দেশ অফিসে। এর মধ্যে চার কোটি টাকা পেয়েছেন আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান।’ মাহবুব-উল-আলম হানিফের এমন বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন মাহমুদুর রহমান। গতকাল মঙ্গলবার কাওরান বাজারের সমাবেশে মাহবুব-উল-আলম হানিফ বলেন, ‘হেফাজতের লংমার্চ ঘিরে ৮৫ কোটি টাকার লেনদেন হয়েছে। এই টাকার লেনদেন হয়েছে দৈনিক আমার দেশ কার্যালয়ে। সেখান থেকে মাহমুদুর রহমানও ৪ কোটি টাকা নিয়েছেন’।
তার এ বক্তব্যের প্রতিবাদ জানিয়ে মাহমুদুর রহমান বিবৃতিতে বলেন, দুর্নীতিবাজ সরকারের মুখপাত্রের পক্ষেই এই জাতীয় নির্লজ্জ মিথ্যাচার করা সম্ভব। দুর্নীতিপরায়ণ কোনো রাজনীতিবিদ দেশের অন্যান্য নাগরিককে তার মতই ন্যায়নীতি বিবর্জিত মনে করবেন এটাই স্বাভাবিক। বিবৃতিতে মাহমুদুর রহমান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফকে তার এ বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করার আহ্বান জানিয়ে বলেন, অন্যথায় এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।