পহেলা বৈশাখের অনুষ্ঠান ধূমপানমুক্ত রাখার নির্দেশ
প্রকাশ : ০৯ এপ্রিল ২০১৩, ২২:৩৪
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, নববর্ষে রাজধানীসহ সারা দেশ নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হবে। এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশের সব জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে। পাশাপাশি দেশের যেসব স্থানে উত্সব হবে, সেসব স্থান ধূমপানমুক্ত রাখারও নির্দেশ দেয়া হয়েছে। নববর্ষ উদযাপনের প্রস্তুতি নিয়ে গতকাল মঙ্গলবার সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভাশেষে তিনি সংবাদিকদের এসব কথা বলেন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমরা চাই দল-মত-জাতি নির্বিশেষে সবাই উত্সাহ-উদ্দীপনা নিয়ে দিবসটি পালন করুক। এ উপলক্ষে রমনা বটমূল, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্নস্থানে নিরাপত্তা বলায় গড়ে তোলা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আকাশে হেলিকপ্টার থেকে সার্বিক পরিস্থিতি তদারকি করবে। পয়েলা বৈশাখের দিন এবারো রমনা পার্ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাকে ধূমপান মুক্ত ঘোষণা করা হয়েছে। সমাবেশস্থলে লাইটার বা দিয়াশলাই নিয়ে না আসারও পরামর্শ দেন প্রতিমন্ত্রী। একই সঙ্গে তিনি ঐ দিন সচেতন থাকতে ও সরকারকে সহযোগিতা করতে অনুরোধ জানান। তিনি বলেন, আমরা আশা করছি, পহেলা বৈশাখে এ ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না। আগামী এক মাসের মধ্যে দেশের রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির সমাধান হবে , অর্থমন্ত্রীর এমন বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এক মাস নয়, আমি চাই এই মুহূর্তে নাশকতামূলক কর্মকাণ্ড বন্ধ হোক। দেশের মানুষের দুর্ভোগ কমে যাক। যারা এ ধরনের ধ্বংসাত্মক কর্মসূচি চালাচ্ছে ,তাদের শুভবুদ্ধির উদয় হোক। বিএনপির নেতাদের গ্রেফতারের বিষয়ে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলার পর আদালতে আত্মসমর্পণের পর আদালত তাদেরকে জেলে পাঠিয়েছে।
বৈঠক সূত্র জানায়, রমনা পার্ক, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বর্ষবরণ র্যালী এবং বর্ষবরণ অনুষ্ঠানের বিশেষ নিরাপত্তা থাকবে। এছাড়াও জেলা,উপজেলা পর্যায়ে বাংলা নববর্ষের অনুষ্ঠানের নিরাপত্তা, সিনেমা হল, জনসমাগম স্থল, হালখাতা অনুষ্ঠান, বড় বড় মার্কেট, রেল ষ্টেশন, লঞ্চ টার্মিনাল, বাসষ্ট্যান্ড, জনগণের চলাচলের স্থান, কূটনৈতিকপাড়ার বিশেষ নিরাপত্তায় থাকবে র্যাব ও পুলিশের পাশাপাশি সাদা পোশাকের গোয়েন্দা সংস্থার সদস্যরা।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, র্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান, ডিএমপি কমিশনার বেনজির আহমেদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।