বুয়েটে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েটে) ছাত্রলীগের এক নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহতাবস্থায় ঐ নেতা রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে বুয়েটের নজরুল ইসলাম হলে এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহত আরিফ রায়হান দ্বীপ বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র এবং ছাত্রলীগের বুয়েট শাখার যুগ্ম আহবায়ক। নজরুল ইসলাম হলের প্রভোস্ট অধ্যাপক আফসার আলী ও বুয়েটের নিরাপত্তা কর্মকর্তা আবদুল কুদ্দুস শিক্ষার্থী এবং প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, গতকাল সকাল ১১টার দিকে হলের ২২৪ নম্বর কক্ষে প্রবেশ করে ঐ কক্ষের ছাত্র দ্বীপকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। ঘটনার পরপর শিক্ষার্থীরা হলে অপরিচিত একজনকে দেখেছে। তবে কিছু বুঝে উঠার আগেই ঐ ব্যক্তি পালিয়ে যায়। পরে আহতাবস্থায় দ্বীপকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শরীরে অস্ত্রোপচার করা হয়। দুপুর আড়াইটার দিকে স্কয়ার হাসপাতালে তাকে স্থানান্তর করা হয়েছে। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনি চিকিত্সাধীন রয়েছেন। আবদুল কুদ্দুস বলেন, হামলার ঘটনায় গতকাল পর্যন্ত কাউকে শনাক্ত করা যায়নি। তবে জিজ্ঞাসাবাদের জন্য হলের দায়িত্বরত নিরাপত্তাকর্মী জাকিরকে আটক করেছে লালবাগ থানা পুলিশ। চিকিত্সকের বরাত দিয়ে বুয়েটের ভিসি অধ্যাপক এস এম নজরুল ইসলাম জানান, ধারালো অস্ত্রের আঘাতে দ্বীপের বাম চোখ, মাথা, পেট এবং পিঠে গুরুতর জখম তৈরি হয়েছে। দুর্বৃত্তদের তিনটি কোপ তার শরীরে লেগেছে। তবে তার অবস্থা বর্তমানে শংকামুক্ত বলে জানিয়েছেন চিকিত্সকরা। এ ঘটনায় দোষীদের শনাক্ত এবং বিচারের সম্মুখীন করতে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। এদিকে হলের একাধিক শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী দাবি করেছেন, সকালে পাঞ্জাবি পরা কয়েকজন বহিরাগতকে হলে দেখা গেছে। তারাই এ হামলা ঘটিয়ে চলে গেছে। হামলাকারীরা শিবিরকর্মী কিংবা হেফাজতে ইসলামের কর্মী হতে পারে বলে তারা ধারণা করছেন। ছাত্রলীগের বুয়েট শাখার আহবায়ক আমিনুল ইসলাম পলাশ বলেন, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নজরুল ইসলাম হলের তৃতীয় তলায় উঠে দ্বীপকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পালানোর সময় ঐ দুর্বৃত্তের মুখে দাড়ি দেখেছে ছাত্ররা। ঘটনাটি হেফাজত কিংবা শিবির কর্মীরা ঘটাতে পারে। এ প্রসঙ্গে বুয়েটের ভিসি অধ্যাপক এস এম নজরুল ইসলাম বলেন, হামলা কারা করেছে, তা এখনও জানতে পারিনি। কোনো ধারণাও করা যাচ্ছে না। তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটির রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আহত দ্বীপের প্রয়োজনীয় চিকিত্সা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিকে আরিফ রায়হান দ্বীপকে কুপিয়ে জখম করার প্রতিবাদে ছাত্রলীগের নেতা-কর্মীরা গতকাল রাতে পলাশী মোড় অবরোধ করে রাখে। তারা বুয়েটের নজরুল ইসলাম হলসহ ক্যাম্পাসে রামদা, চাপাতি ইত্যাদি নিয়ে মহড়া দেয়। বুয়েটের নিরাপত্তার দাবিতে নিয়োজিত সহকারী রেজিস্ট্রারের কক্ষের সামনে আগুন ধরিয়ে দেয় ছাত্ররা।