তাণ্ডব না চালালে দেশে কোন হরতাল হবে না :নানক

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বিরোধী দলের সাম্প্রতিক হরতাল প্রসঙ্গে বলেছেন, হরতাল হচ্ছে গণতান্ত্রিক আন্দোলনের শেষ অস্ত্র। এটা অপব্যবহার করে ভোঁতা করা কারো উচিত নয়। এ ব্যাপারে জনগণের ভেবে দেখার সময় এসেছে। তিনি চ্যালেঞ্জ দিয়ে বলেন, বিরোধী দল হরতালের আগে গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগসহ তাণ্ডব না চালালে দেশে কোন হরতালে জনগণ সাড়া দেবে না। তাণ্ডব সৃষ্টি না করলে যদি কোন হরতাল হয় তাহলে রাজনীতি ছেড়ে দেয়ার ঘোষণা দেন তিনি। গতকাল মঙ্গলবার সকালে মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় সমপ্রতি ভয়াবহ অগ্নিকাণ্ডে হোসেন মার্কেটের ক্ষতিগ্রস্ত ৮৪জন দোকান মালিকের মাঝে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ত্রাণ অধিদপ্তর, জেলা প্রশাসন ও স্থানীয় আওয়ামী লীগের সহায়তায় আয়োজিত এ অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা একরামুল হক, আওয়ামী লীগ নেতা শেখ বজলুর রহমান, সাদেক খান, হাবিবুর রহমান মিজান প্রমুখ। প্রতিমন্ত্রী বলেন, রাজধানীতে প্রায়ই নাশকতার মাধ্যমে দরিদ্র ও ছিন্নমূল মানুষের বসত বাড়িতে অগ্নিসংযোগ করা হচ্ছে। এর সাথে যারা জড়িত তাদের চিহ্নিত করার জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানিয়ে বলেন, অগ্নি দুর্ঘটনাসহ যে কোন প্রাকৃতিক দুর্যোগে সরকারের পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন থাকতে হবে। তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানিদের আন্তরিক সহমর্মিতা প্রকাশ করে তাদের পুনর্বাসনে সরকারের পক্ষ থেকে সার্বিক সহায়তার আশ্বাস দেন। পরে প্রতিমন্ত্রী ক্ষতিগ্রস্ত প্রত্যেক দোকানদারকে নগদ ৫ হাজার টাকা ও ২০ কেজি করে চাল অর্থাত্ মোট ৪ লাখ ২০ হাজার টাকা ও ১ টন ৬৮০ কেজি চাল নিজ হাতে বিতরণ করেন।