সংঘাত নয়, শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য আলোচনায় বসুন
প্রকাশ : ০৯ এপ্রিল ২০১৩, ২২:৩৬
সংঘাত আর সহিংসতার পথ পরিহার করে বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের লক্ষ্যে সংলাপের পথে অগ্রসর হবার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইইউ সদর দপ্তরের উচ্চ পর্যায়ের প্রতিনিধি ব্যারনেস ক্যাথে এস্টন গত ২ এপ্রিল পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনিকে লেখা একটি চিঠিতে এই আহ্বান জানান।
ইইউ প্রতিনিধি চিঠিতে বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, সকল রাজনৈতিক পক্ষকে সহিংস ঘটনার অবসান ঘটাতে হবে। সহিংস ও উগ্রপন্থিদের আক্রমণে সবচেয়ে দুর্বল বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সরকার প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে। চিঠিতে আরো বলা হয়, ইইউ সব সময় সংঘাতপূর্ণ রাজনীতি পরিহারের কথা বলে আসছে। সেই সঙ্গে কার্যকর সংলাপ শুরুর তাগিদ দিচ্ছে। যাতে বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ উপায়ে পরবর্তী নির্বাচন নিশ্চিত করা যায়। উল্লেখ্য, নির্বাচন ব্যবস্থাপনা কার্যক্রম শক্তিশালী করতে ইইউ ১০ মিলিয়ন ইউরো আর্থিক সহায়তা দিচ্ছে। নির্বাচনী ব্যবস্থা ও পদ্ধতি আধুনিকায়ন ও মানোন্নয়নের লক্ষ্যে এই সহায়তা ব্যবহূত হবে। আগামী সংসদ নির্বাচন পর্যবেক্ষনের জন্য ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে একটি মিশন পাঠাবে। পাশাপাশি নির্বাচনী পরিবেশ, আয়োজন ও অন্যান্য প্রস্তুতি দেখার জন্য প্রাথমিক টিমও পাঠানো হবে। ইইউ প্রতিনিধি পররাষ্ট্রমন্ত্রীর কাছে লেখা চিঠিতে দেশের বিদ্যমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি এসব বিষয় উল্লেখ করেন। গতকাল মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের ঢাকা মিশন থেকে সংস্থাটির এই চিঠির কথা প্রকাশ করা হয়।