কাশিমপুর কারাগারে বিএনপির পাঁচ শীর্ষ নেতা

গাজীপুরের কাশিমপুর কারাগারে বিএনপির শীর্ষ পাঁচ নেতাকে ঢাকা থেকে স্থানান্তর করা হয়েছে। সোমবার রাত দশটার দিকে তাদের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজন ভ্যানে কাশিমপুর কারাগারে পাঠানো হয়। কারাগার সূত্রে জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আব্দুল্লাহ আল নোমান ও শহীদউদ্দিন চৌধুরী অ্যানিকে কাশিমপুর কারাগারের পার্ট-২-এ স্থানান্তর করা হয়। তারা ওই কারাগারের ‘সুরমা ভবনে’ থাকবেন। বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ ও সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে কাশিমপুর কারাগার পার্ট-১-এ স্থানান্তর করা হয়। তারা ওই কারাগারের চিত্রা ভবনে থাকবেন। কারাগার কর্তৃপক্ষ জানান, আটক নেতারা জেলকোড অনুসারে ডিভিশনপ্রাপ্ত হয়েছেন।