পাবনায় শেষ হলো ১৭ দিনব্যাপী বইমেলা
রুমী খোন্দকার, পাবনা প্রতিনিধি
প্রকাশ : ১০ এপ্রিল ২০১৩, ১৯:৫২
নৃত্য প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে গত ৬ এপ্রিল শনিবার রাতে পাবনায় শেষ হলো ১৭ দিনব্যাপী একুশে বইমলা উত্সব। শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মুক্তমঞ্চে এ উত্সবের আয়োজন করে একুশে বইমেলা উদযাপন পরিষদ পাবনা।
তিন পর্বের অনুষ্ঠানের শুরুতে শনিবার বিকেল চারটায় অনুষ্ঠিত হয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে নৃত্য প্রতিযোগিতা।
দ্বিতীয় পর্বে সন্ধ্যা সাতটায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী। একুশে বইমেলা উদযাপন পরিষদ পাবনার সভাপতি কৃষিবিদ জাফর সাদেকের সভাপতিত্বে আলোচনা সভায় সম্মানিত অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন, ইউনিভার্সাল ফুড লিমিটেডের জেনারেল ম্যানেজার (জিএম) অচিন্ত কুমার ঘোষ, পাবনা প্রেসক্লাবের সাবেক সম্পাদক উত্পল মির্জা, মাসপো গ্রুপের চেয়ারম্যান আলী মুর্তজা বিশ্বাস সনি, একুশে বইমেলা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জাকির হোসেন ও সাংস্কৃতিক ঐক্যজোটের সভাপতি গণেশ ঘোষ।
আলোচনা পর্ব শেষে উপস্থিত অতিথিবৃন্দ একুশে বইমেলা আয়োজিত কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, নৃত্য ও সংগীতসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় ১৭ দিনব্যাপী একুশে বইমেলা উত্সব।
সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য, গান ও আবৃত্তি পরিবেশন করেন আফা ইনস্টিটিউট ও তাল-লয় শিল্পগোষ্ঠীর শিল্পীসহ জেলার স্বনামধন্য সংগীতশিল্পী ও সংগীত শিক্ষকবৃন্দ।