বাঞ্ছারামপুর ভূমি অফিস চলে ঝুঁকিপূর্ণ ভবনে

বাঞ্ছারামপুর উপজেলা প্রতাবগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসটি ১৯৯২ সালে ৩ শতক জমির উপর নির্মিত। নির্মাণের ২১ বছর অতিবাহিত হলেও সংস্কার না করার কারণে এটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। জীবনের ঝুঁকি নিয়ে কর্মকর্তা-কর্মচারীরা কাজ করছেন। ২০১০ সালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহম্মেদ খান উক্ত ভবনটি পরিত্যক্ত হিসেবে ঘোষণা করেন। আশে-পাশে কোন ভবন না থাকায় নিরুপায় হয়ে জরাজীর্ণ এ ভবনে কাজ করতে হচ্ছে বলে জানান ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ জাকির হোসেন। এদিকে টয়লেট ও টিউবওয়েল না থাকায় কস্টের সীমা-পরিসীমা নেই। বর্তমানে এখানে ১ জন ভূমি সহকারী কর্মকর্তা, ১ জন ভূমি উপ-সহকারী কর্মকর্তা, ১ জন এমএলএসএস কাজ করছেন। দরজা- জানালা ভেঙ্গে যাওয়ার কারণে বৃষ্টি এলে ভিজে যাওয়ার আশংকায় মূল্যবান খাতাপত্রের উপর পলিথিন দিয়ে রাখতে হয় । এ ব্যাপারে কর্তৃপক্ষকে জানানো হয়েছে।