যশোরের যাওয়ার পথে ভুট্টার ট্রাক নিখোঁজ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থেকে যশোরের একটি পোল্ট্রি ফিড ফ্যাক্টরীতে যাওয়ার পথে ১৮ টন ভুট্টাসহ ট্রাক নিয়ে হাওয়া হয়েছে ট্রাক ড্রাইভার। দর্শনার এক ট্রান্সপোর্ট ব্যবসায়ী লক্ষ্মীপুরের ভুট্টা ব্যবসায়ীকে এ ট্রাক বন্দোবস্ত করে দিয়েছিলেন। গত ৩ দিনে উধাও হওয়া ট্রাকের হদিস না পেয়ে দিশেহারা ভুট্টা ব্যবসায়ী আব্দুল কুদ্দুছ। অবশেষে তিনি ট্রাক ড্রাইভার শিমুল, ট্রাকের ভুয়া মালিক মাসুদ দেওয়ান ও ট্রাক বন্দোবস্তকারী দর্শনার ইমরান খান চিনাকে আসামি করে দু’টি মামলা দায়ের করেছেন। জীবননগর উপজেলার লক্ষ্মীপুরের ভুট্টা ব্যবসায়ী আব্দুল কুদ্দুছের অভিযোগ, দর্শনা পারকৃষ্ণপুরের আতিয়ার মোল্লার নিকট থেকে প্রায় ৩ লাখ টাকার ভুট্টা খরিদ করেন তিনি। এ ভুট্টা যশোরের নারিশ পোল্ট্রি ফিড কোম্পানীতে পাঠানোর জন্য তিনি দর্শনা রেল ইয়ার্ডের খান ট্রান্সপোর্ট এজেন্সীতে যান। এ এজেন্সীর স্বত্বাধিকারী ইমরান খান চিনা (ঢাকা মেটে্রা-ট ১৪-৬০৮৪) ট্রাকটি ভাড়া করে দেন। এসময় এ ট্রাকের মালিক হিসেবে পরিচয়দানকারী ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুরের আজাহার আলীর ছেলে মাসুদ দেওয়ানের সাথে মোবাইল ফোনে একাধিকবার কথা বলেন তিনি। ট্রাক ড্রাইভার যশোর সদর উপজেলার ভেকুটিয়া গ্রামের বিল্লাল হোসেনের ছেলে পরিচয়দানকারী শিমুল গত রবিবার এ ভুট্টা নিয়ে যশোরের উদ্দেশ্যে রওনা দিয়ে পথিমধ্যে হাওয়া হয়ে যায়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ভাড়া নেয়াকালে ট্রাক ড্রাইভার তার যেসব কাগজপত্র জমা দিয়েছিলো তা সম্ভবত ভুয়া। আর ট্রাক বন্দোবস্তকারী ট্রাক ড্রাইভারের সাথে আঁতাত করে এ ভুট্টা পাঠানোর পর তা গায়েব হয়েছে বলে তার অভিযোগ।