নেত্রকোনার ৯ শ’ গ্রাম পল্লী বিদ্যুতের সংযোগ বঞ্চিত
প্রকাশ : ১০ এপ্রিল ২০১৩, ২১:০০
নেত্রকোনা জেলায় পল্লী বিদ্যুতের সম্প্রসারণ কাজ ব্যাপক হলেও জেলার ৮৬টি ইউনিয়নের ২১১১ টি গ্রামের মধ্যে প্রায় ৯শ’ গ্রাম এখানো পল্লী বিদ্যুতের সংযোগ বঞ্চিত। নেত্রকোনা পল্লী বিদ্যুত্ সমিতি সূত্রে জানা গেছে, নেত্রকোনা জেলায় ৩,৬০০ শ’ কিলোমিটার লাইন নির্মাণ করা হয়েছে। এ পর্যন্ত ৩৩৫০ কিলোমিটার লাইন বিদ্যুতায়িত হয়েছে। বিদ্যুতায়িত লাইন থেকে দেড় লাখ লোক উপকৃত হয়েছে। ৭৫ হাজার গ্রাহক সংযোগ পেয়েছে। এর মধ্যে ১৫শ’ ক্ষুদ্র শিল্পে সংযোগ দেয়া হয়েছে।
জেলার ৯ শ’ গ্রাম পল্লী বিদ্যুতের আওতায় না আসায় অন্ধকারে নিমজ্জিত থাকে। এসব বাড়ির লোকজনের কুপি বাতিই ভরসা। এছাড়া কেরোসিনের মূল্যবৃদ্ধির কারণে অনেকেই কুপি বাতিও জ্বালাতে পারে না। নেত্রকোনা পল্লী বিদ্যুত্ সমিতি কর্তৃপক্ষ জানান, পিডিবি থেকে পর্যাপ্ত বিদ্যুত্ না পাওয়াতে তারা গ্রামে গ্রামে এখানো বিদ্যুত্ সংযোগ দিতে পারছে না। নতুন বিদ্যুত্ লাইন নির্মাণ করা সম্ভব হচ্ছে না।