ধান চালের সংগ্রহ মূল্য ঘোষণায় ঠাকুরগাঁওয়ের কৃষক খুশি

সরকার চলতি বোরো মৌসুমে গম, ধান ও চালের ক্রয়মূল্য নির্ধারণ করেছে। মৌসুমের শুরুতেই সরকার আগাম মূল্য ঘোষণা করায় খুশি ঠাকুরগাঁওয়ের কৃষক। তবে সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের যে ঘোষণা দিয়েছে, তা বাস্তবায়নের দাবি জানিয়েছে এ জেলার কৃষকরা। উল্লেখ্য, অন্যান্যবার সময়মতো বোরো সংগ্রহ অভিযান শুরু না করলেও এবার আগেভাগেই অভ্যন্তরীণ বাজার থেকে বোরো সংগ্রহ অভিযান শুরুর তারিখ এবং সংগ্রহ মূল্য ঘোষণা করেছে সরকার। সরকার প্রতি কেজি গম ২৫ টাকা, ধান সাড়ে ১৮ টাকা এবং চাল ২৯ টাকা নির্ধারণ করেছে। মৌসুমের শুরুতেই এবার সরকার এই সংগ্রহ অভিযানে সন্তোষ প্রকাশ করেছে এ জেলার কৃষকরা। কৃষকরা জানায়, প্রতিবার সরকার কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয়ের ঘোষণা দিলেও বাস্তবে তা করা হয় না। এর ফলে কৃষক তাদের উত্পাদিত পণ্যের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হলেও লাভবান হয় মধ্যস্বত্বভোগীরা। বেশ ক’বছর ধরেই কৃষক ধানের ন্যায্য মূল্য পায়নি। পাশাপাশি উত্পাদন খরচ বেড়ে যাওয়ায় ধান আবাদ করে লোকসান গুণতে হয়েছে তাদের। এবারও যাতে তাদের লোকসান গুণতে না হয়, সেজন্য সরাসরি কৃষকদের কাছ থেকে গম ও বোরো সংগ্রহের দাবি জানিয়েছে কৃষকরা। উল্লেখ্য, আবহাওয়া অনুকূল থাকায় এবং সারসহ অন্যান্য উপকরণ পর্যাপ্ত মজুদ থাকায় এবার বাম্পার ফলনের আশা করছে কৃষি বিভাগ। ঠাকুরগাঁও চালকল মালিক সমিতি সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজু জানান, সরকারের এবারে উদ্যোগে কৃষকরা ন্যায্য দাম পাবে। ঠাকুরগাঁও কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা কমল কুমার রায় বলেন, সরকার ঘোষিত মূল্য পেলে কৃষকের উত্পাদন খরচ উঠবে। এতে কৃষক ফসল উত্পাদনে উত্সাহিত হবে।