প্রধান শিক্ষক সংকটে রংপুর বিভাগের ৭’শ সরকারি প্রাথমিক বিদ্যালয়

রংপুর বিভাগের ৮ জেলার প্রায় ৭’শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সংকট দেখা দিয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি রংপুর জেলায়। এর ফলে শিক্ষা কার্যক্রমে ব্যাঘাত ঘটছে। এতে শিক্ষার্থীদের মধ্যে ঝরে পড়ার প্রবণতা বেড়ে চলেছে। জানা যায়, রংপুর বিভাগে সরকারি প্রাথমিক স্কুলগুলোতে লেখাপড়া করছে নিম্নবিত্ত পরিবারের শিশুরা। এ কারণে অধিকাংশ সরকারি প্রাথমিক স্কুলে ৫ম শ্রেণির সমাপনী পরীক্ষায় খুব একটা ভাল ফলাফল তারা করতে পারছে না। তার মধ্যে অনেক স্কুলে নেই প্রধান শিক্ষক। প্রধান শিক্ষকের অভাবে লেখাপড়ার মান আরও কমে যাচ্ছে বলে অভিভাবকদের ধারণা। পরিণতিতে ঝরে পড়ছে শিক্ষার্থীরা। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রংপুর বিভাগের ৮ জেলায় মোট স্কুলের সংখ্যা ৪ হাজার ৩’শ ৬৭টি। এর মধ্যে ৬’শ ৯৩টি স্কুলে প্রধান শিক্ষক নেই। প্রকাশ রংপুরে ১’শ ৪১টি, পঞ্চগড়ে ৪৮টি, উলিপুরে ৫৭টি, দিনাজপুরে ১’শ ২৯টি, নীলফামারীতে ১’শ ১২টি, গাইবান্ধায় ১’শ ২৯টি, লালমনিরহাটে ১০টি ও কুড়িগ্রামে ৬৭টি স্কুলে প্রধান শিক্ষক নেই। রংপুর বিভাগীয় প্রাথমিক শিক্ষা উপ-পরিচালক ময়েন উদ্দিন তালুকদার প্রধান শিক্ষকের অভাবে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার কথা স্বীকার করে বলেন, অচিরেই শূন্য পদে নিয়োগ দেয়ার ব্যবস্থা নেয়া হচ্ছে।