ইরানের খনি থেকে ইউরেনিয়াম আহরণের ঘোষণা
প্রকাশ : ১০ এপ্রিল ২০১৩, ২১:০৮
জাতীয় পরমাণু প্রযুক্তি দিবস পালনের পাশাপাশি উচ্চপর্যায়ের পরমাণু সমৃদ্ধকরণ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরান। এছাড়া একটি ইউরেনিয়াম খনি চালু করা ও একটি ইউরেনিয়াম নিষ্কাশন প্রকল্প চালু করারও ঘোষণা দিয়েছে দেশটি। ইরানের পরমাণু শক্তি বিষয়ক শীর্ষ কর্মকর্তা ফেরিদুন আব্বাসি দাভানি বলেছেন,“আমরা ১০ মেগাওয়াটের একটি পরমাণু চুল্লি নকশার কাজ শুরু করেছি আর এই চুল্লি বসানোর জন্য স্থান নির্বাচনের কাজও চলছে।” নির্মাণ কাজ চলতি বছরেই শুরু হতে পারে বলে তিনি জানিয়েছেন। এ ধরনের মন্তব্য ইরান আগে করে থাকলেও এখন এ মন্তব্য করার অর্থ দেশটি উচ্চপর্যায়ের পরমাণু সমৃদ্ধকরণ বন্ধ করার জন্য আন্তর্জাতিক চাপকে পুরোপুরি উপেক্ষা করছে। যুক্তরাষ্ট্র ও এর পশ্চিমা মিত্রদের সন্দেহ উচ্চপর্যায়ের পরমাণু সমৃদ্ধকরণের মাধ্যমে পরমাণু অস্ত্র নির্মাণের দিকে এগিয়ে যাচ্ছে ইরান। কিন্তু ইরানের দাবি চিকিত্সা ক্ষেত্রে ব্যবহূত আইসোটোপ তৈরি করাই উচ্চপর্যায়ের পরমাণু সমৃদ্ধকরণের উদ্দেশ্যে।
গত সপ্তাহে মধ্য এশিয়ার কাজাখস্তানে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানি— এই ছয়টি বিশ্বশক্তির প্রতিনিধিদের সঙ্গে ইরানি প্রতিনিধিদের উচ্চপর্যায়ের পরমাণু সমৃদ্ধকরণ নিয়ে আলোচনা ব্যর্থ হয়। এতে ইরানের বিতর্কিত পরমাণু প্রকল্প নিয়ে চলমান অচলাবস্থা মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধ শুরুর হুমকি তৈরি করছে।