কোরিয়া সঙ্কট নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে

কোরিয়া সঙ্কট নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুন। উত্তর কোরিয়াকে উস্কানিমূলক কর্মকাণ্ড এবং কথাবার্তা বলা থেকে বিরত থাকার জন্য আরো একবার আহ্বান জানিয়েছেন তিনি। সেসঙ্গে খোলা রাখতে বলেছেন উত্তর-দক্ষিণ কোরিয়ার যৌথ শিল্প এলাকা কায়েসং। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। গত ফেব্রুয়ারিতে তৃতীয়বারের মতো পরমাণু পরীক্ষা চালানোর শাস্তিস্বরূপ জাতিসংঘ নিষেধাজ্ঞা এবং যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ায় ক্ষুব্ধ উত্তর কোরিয়া দেশ দুটিতে একের পর এক হামলা চালানোর হুমকি দিয়ে আসছে। মঙ্গলবার দক্ষিণ কোরিয়া থেকে বিদেশিদের চলে যেতে বলেছে উত্তর কোরিয়া। এর পরিপ্রেক্ষিতে রোমে সাংবাদিকদের বান কি মুন বলেন, ভুল চিন্তা-ভাবনা বা বিচার-বিবেচনার কারণে ছোট্ট কোনো ঘটনা ঘটে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এ সতর্কবার্তা দেয়ার পাশাপাশি মুন কায়েসং শিল্প এলাকা খোলা রাখারও আহ্বান জানিয়ে বলেন, এটি উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সবেচেয়ে সফল ও অন্যতম সহযোগিতামূলক প্রকল্প। রাজনৈতিক বিচার-বিবেচনার কারণে এ প্রকল্প ক্ষতিগ্রস্ত হওয়া উচিত না। এটি পুরোপুরি একটি অর্থনৈতিক কেন্দ্রস্থল।