বিএনপি নেতাদের মুক্তি দাবি করেছে চবি শিক্ষক ফোরাম
প্রকাশ : ১০ এপ্রিল ২০১৩, ২২:০০
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. আ.ন.ম মুনির আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক অধ্যাপক এসএম নছরুল কদির গত মঙ্গলবার এক বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতৃবৃন্দের জামিন বাতিলের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।
জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, বিরোধী দলের চলমান গণতান্ত্রিক আন্দোলনকে নস্যাত্ করতে সরকার দমন-পীড়নের ঘৃণ্য পথ বেছে নিয়েছে। পাশাপাশি সরকার ভিন্নমতকে নিষ্পেষণের জন্য বিচার বিভাগকে চরম দলীয়করণের হাতিয়ারে পরিণত করেছে। গ্রেফতার, মামলা, নির্যাতন চালিয়ে সরকার এমন হিংসাত্মক পরিস্থিতির সৃষ্টি করেছে, যা গণতান্ত্রিক দেশে চিন্তাও করা যায় না। বিরোধী দলকে এখন শান্তিপূর্ণভাবে প্রতিবাদ বা আন্দোলন করার সব পথ সরকার বন্ধ করে দিয়েছে।
জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদক অবিলম্বে বিএনপি মহাসচিবসহ সকল নেতা-কর্মীর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেফতারকৃতদের মুক্তির দাবি এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে অব্যাহত রাখার লক্ষ্যে অবিলম্বে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবি মেনে নিয়ে দেশকে সংঘাতের পথ থেকে ফিরিয়ে আনতে সরকারের প্রতি আহবান জানান।