যারা ইসলামের দোহাই দেন তারা সন্তানদের মাদ্রাসায় পড়ান না

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, যারা ইসলামের দোহাই দেন তারা সন্তানদের মাদ্রাসায় পড়ান না। জামায়াত নেতা নিজামী ও মুজাহিদের নাম উল্লে¬খ করে তিনি বলেন, তাদের সন্তানরা মাদ্রাসায় পড়ে না। বর্তমানে জামায়াত সহজ-সরল মাদ্রাসা শিক্ষার্থীদের সরকার বিরোধী মিছিলে যেতে বাধ্য করছে। শেরপুরের নালিতাবাড়ি উপজেলার পোড়াগাঁও ইউপি ভবন চত্বরে গতকাল বুধবার ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার করা আওয়ামী লীগের নির্বাচনী ওয়াদা। বিচার যখন শুরু হয়েছিল—তখন বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া কিছু বলেননি। বিচারের রায় ঘোষণা শুরু হয়েছে—এখন তিনি যুদ্ধাপরাধীদের বাঁচাতে নানা কৌশল ও ষড়যন্ত্র করছেন। আমরা ওয়াদা বরখেলাপ করতে চাই না। কারণ আল¬াহপাক ওয়াদা বরখেলাপকারীকে পছন্দ করেন না। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমী মাদ্রাসা শিক্ষাকে স্বীকৃতি দিয়ে আরো যুগোপযোগী করেছেন। তিনি ইসলামের সেবক। অনুষ্ঠানে তিনি নালিতাবাড়ি উপজেলার পোড়াগাঁও, নন্নী, রাজনগর, বাঘবের, কলসপাড়, যোগানিয়া ও পৌরসভার প্রতিটিতে ১ হাজার জনকে ভিজিএফের চাল বিতরণ করেন। এছাড়াও উপজেলার ৮৪০ জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মাঝে তিনি কৃষি প্রণোদনা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন—শেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন, পুলিশ সুপার আনিসুর রহমান, জেলা পরিষদের প্রশাসক আব্দুল হালিম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুভাষ চন্দ্র দেবনাথ প্রমুখ।