চট্টগ্রামে হরতালে রাজপথে বিএনপি
প্রকাশ : ১০ এপ্রিল ২০১৩, ২৩:০২
বিএনপির ৩৬ ঘন্টা হরতালের দ্বিতীয় দিনে চট্টগ্রামে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিএনপি কর্মীরা সকাল থেকে নগরীর বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে আটক নেতাদের মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে মিছিল সমাবেশ করেন।
চট্টগ্রাম বিএনপির শীর্ষ নেতারা সকালের দিকে নগরীর কয়েকটি এলাকায় মিছিলে অংশ নিলেও দিনের অবশিষ্ট সময় অতিবাহিত করেন দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে। হরতাল চলাকালে নগরীর অধিকাংশ দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। রাস্তায় রিকশা, অটোরিকশা ও টেম্পো চলাচল করলেও প্রাইভেট ও অন্যান্য যানবাহন ছিল না। ট্রেন ও বিমান চলাচল স্বাভাবিক ছিল। আন্তঃজেলা যানবাহন চলাচল না করায় সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হয়েছে। সরকারি-বেসরকারি অফিস, কলকারখানা খোলা ছিল। শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস হয়নি। হরতালে নাশকতা ঠেকাতে নগরীতে প্রায় দুই হাজার অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়।