পাকিস্তানে প্রয়োজন ছাড়া ভ্রমণ করবেন না
প্রকাশ : ১০ এপ্রিল ২০১৩, ২৩:০২
মার্কিন যুক্তরাষ্ট্র সরকার তাদের নাগরিকদের প্রয়োজন ছাড়া পাকিস্তানে ভ্রমণ না করার আহ্বান জানিয়েছে। খুব বেশি প্রয়োজন না হলে ভ্রমণের তারিখ পেছানোরও আহ্বান জানানো হয়েছে। মঙ্গলবার দেশটির স্টেট ডিপার্টমেন্ট থেকে এ আহ্বান জানানো হয়। খবর টাইমস অব ইন্ডিয়ার।
স্টেট ডিপার্টমেন্ট জানায়, পাকিস্তানে বর্তমানে বিভিন্ন আন্তর্জাতিক সন্ত্রাসী গ্রুপ সক্রিয় রয়েছে যারা আমেরিকার নাগরিকদের জন্য বিপজ্জনক। যেখানে আমেরিকার তথা পশ্চিমা বিশ্বের নাগরিকরা অবস্থান করেন বা জড়ো হন, সেই সব স্থানে সন্ত্রাসী হামলা হতে পারে। স্টেট ডেপার্টমেন্ট অভিযোগ করে, পাকিস্তানে কিছু আমেরিকার নাগরিককে নিরাপত্তা বাহিনীর সদস্য কর্তৃক প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। নিরাপত্তার কথা বলে যুক্তরাষ্ট্রের নাগরিকদের কনস্যুলেট অফিসের বাইরে যেতে দেয়া হয় না এবং তাদের ব্যক্তিগত তথ্যও নিচ্ছে গোয়েন্দা কর্মকর্তারা। পাকিস্তানে যেসব মার্কিন নাগরিক নিরাপত্তার ঝুঁকিতে আছেন তাদের দেশটি ত্যাগ করারও আহ্বান জানায় স্টেট ডিপার্টমেন্ট।