চূড়ান্ত অনুমোদন পাচ্ছে মধুমতি ব্যাংক
প্রকাশ : ১০ এপ্রিল ২০১৩, ২৩:০৮
বাংলাদেশ ব্যাংকের প্রাথমিক অনুমোদনপ্রাপ্ত ৯টি ব্যাংকের অন্যতম মধুমতি ব্যাংককে চূড়ান্ত অনুমোদন দেয়ার সিদ্ধান্ত হয়েছে। গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত হয়। তবে অনুমোদনপত্র পেতে কয়েকটি শর্ত পালনের কথা বলা হয়েছে।
বৈঠক সূত্রে জানা গেছে, বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আতিউর রহমানের সভাপতিত্বে সভায় মধুমতি ব্যাংকের পক্ষে ব্যবসায়িক পরিকল্পনা উপস্থাপন করেন প্রস্তাবিত ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান। ব্যাংকটির ব্যবসায়িক পরিকল্পনা ও নথিপত্র দেখার পর তাদের চূড়ান্ত অনুমোদন দেয়ার সিদ্ধান্ত হয়। চূড়ান্ত অনুমোদন পেতে নিয়মানুযায়ী ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে পরবর্তীতে তাদের প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়ে পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
মধুমতি ব্যাংকের চেয়ারম্যান হিসেবে হুমায়ুন কবিরের নাম প্রস্তাব করা হয়েছে। তবে এ ব্যাংকের মূল উদ্যোক্তা প্রধানমন্ত্রীর নিকটাত্মীয় সংসদ সদস্য ব্যারিস্টার ফজলে নূর তাপস। কেন্দ্রীয় ব্যাংকের পর্ষদ সভায় অনুমোদন পাওয়া এ ব্যাংকটিকে এখন প্রধান কার্যালয় স্থাপনের জন্য চূড়ান্ত অনুমোদন দেয়া হবে। এরপর প্রক্রিয়া শেষে ব্যাংক কোম্পানি আইনের ৩২ ধারা মোতাবেক শাখা স্থাপনের জন্য অনুমতি প্রদান করা হবে। এরপরই পূর্ণাঙ্গ ব্যবসায়িক কার্যক্রমে আসবে ব্যাংকটি।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের চূড়ান্ত অনুমোদন পাওয়া ৪টি ব্যাংক তফসিলভুক্ত হয়েছে। এগুলো হল:এনআরবি কমার্শিয়াল, ইউনিয়ন, সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ও মেঘনা ব্যাংক।