সংঘর্ষ ভাংচুর অবরোধ আহত অর্ধশতাধিক

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা ৩৬ ঘন্টার হরতালের দ্বিতীয় দিন বুধবার দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগ ও সড়ক অবরোধের ঘটনা ঘটে। এসময় পুলিশসহ অর্ধ শতাধিক লোক আহত এবং ৪৮ জনকে গ্রেফতার করা হয়। এরমধ্যে নওগাঁর মান্দা ও ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষ, না’গঞ্জে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও টঙ্গীতে পুলিশ পিকেটার সংঘর্ষ হয়। খবর আমাদের অফিস, স্টাফ রিপোর্টার, প্রতিনিধি ও সংবাদদাতাদের। বরিশাল ঃ বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা ৩৬ ঘন্টার দ্বিতীয় দিন বুধবার হরতালে বিএনপি-জামায়াতের মিছিলে বাধা দিয়েছে পুলিশ। হরতালের সমর্থনে সকালে জেলা বিএনপির সভাপতি আহসান হাবিব কামাল ও সম্পাদক বিলকিস জাহান শিরিনের নেতৃতে নগরীর আদালত প্রাঙ্গণ থেকে মিছিল বের হলে চকবাজার এলাকায় পুলিশ বাধা দেয়। সেখানেই মিছিল সমাপ্ত করে সমাবেশ করেন জেলা বিএনপির নেতারা। সমাবেশে জেলা বিএনপির সভাপতি আহসান হাবিব কামাল, সম্পাদক বিলকিস জাহান শিরিন, বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান সুলতান আহম্মেদ খান প্রমুখ বক্তৃতা করেন। একই সময় মহানগর বিএনপি’র সভাপতি এডভোকেট মজিবর রহমান সরোয়ার এমপির নেতৃত্বে নগরীর নাজিরের পুল থেকে একটি মিছিল বের করা হলে লাইন রোডে পুলিশ বাধা দেয়। পরে অশ্বিনী কুমার টাউন হলের সামনে সমাবেশের মধ্যে কর্মসূচি সমাপ্ত হয়। সমাবেশে মহানগর সভাপতি মজিবর রহমান সারোয়ার, সাধারণ সম্পাদক কামরুল আহসান শাহিন, জিয়া উদ্দিন শিকদার প্রমুখ বক্তৃতা করেন। বাজার রোড়ে জামায়াত মিছিল বের করলে পুলিশ ধাওয়া করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। খুলনাঃ বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের দ্বিতীয় দিনের হরতাল বুধবার বিভাগীয় ও শিল্প নগরী খুলনায় শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। সকাল ৬টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় হরতালের সমর্থনে বিএনপি, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল, জামায়াত ও ছাত্রশিবির মিছিল করেছে। সকাল ৭টায় মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু এমপির নেতৃত্বে নগরীর হাজী মুহসিন রোডে হরতালের সমর্থনে একটি মিছিল বের হয়। সেখান থেকে ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন মিজু এবং ছাত্রদল কর্মী ফয়জুল ইসলাম বাবু ও ফায়েজুল ইসলামকে পুলিশ আটক করে। সকাল ৮টায় মহানগর সেচ্ছাসেবক দল নগরীর শেখপাড়া ও জামায়াতে ইসলামীর কর্মীরা দোলখোলা এলাকায় একটি ঝটিকা মিছিল বের করে। সকাল সাড়ে ১০টার দিকে নগরীর দৌলতপুরের মুহসিন মোড়ে পিকেটাররা ২টি ট্রাক ভাঙচুর করে। এছাড়া নগরীর শিপইয়ার্ড ও খালিশপুর এলাকায় ছাত্র শিবির হরতালের সমর্থনে মিছিল ও পিকেটিং করেছে। রাজশাহীঃ রাজশাহীতে সড়কে আগুন দিয়ে গাড়ি ভাঙচুরের সময় জনতার ধাওয়া খেয়ে পালিয়ে বাঁচলো হরতাল সমর্থকরা। বুধবার সকালে নগর ভবনের সামনের গ্রেটার রোডে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কে টায়ার জ্বালিয়ে হরতাল সমর্থকরা সড়ক অবরোধের চেষ্টা এবং একটি ব্যাটারী চালিত অটোরিকশা ভাঙচুর করলে আশপাশের এলাকা থেকে স্থানীয় জনতা লাঠি হাতে পিকেটারদের ধাওয়া করে। এসময় হরতাল সমর্থকরা পালিয়ে বাঁচে। এর আগে হরতাল সমর্থকরা রাজশাহী কলেজের সামনের সড়কে ফুটপাতের দোকানের চৌকি রাস্তায় ফেলে তার উপর টায়ারে আগুন দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে আগুন নিভিয়ে ফেলে। এছাড়া মহানগরীর কাদিরগঞ্জ ও সাগারপাড়ার রাস্তায় টায়ার জ্বালিয়ে পিকেটিংয়ের চেষ্টা করে হরতাল সমর্থকরা। তবে পুলিশ পৌঁছার আগেই তারা পালিয়ে যায়। ফলে কেউ আটক হয়নি। নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, পুলিশের কঠোর অবস্থানের কারণে পিকেটাররা হরতালে নাশকতা চালাতে পারেনি। তবে সকাল ৭টায় মহানগর বিএনপি কাদিরগঞ্জ থেকে হরতালের সমর্থনে নগরীতে বিক্ষোভ মিছিল করেছে। এতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মোসাদ্দেক হোসেন বুলবুল ও মহানগর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন নেতৃত্ব দেন। মিছিলটি সাহেব বাজারে যাবার সময় সোনাদীঘি মোড়ে পুলিশ বাধা দেয়। এসময় নেতাকর্মীরা রাস্তায় বসে পড়ে সমাবেশ করে। নওগাঁ ঃ নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর বাজারে হরতালের দ্বিতীয় দিন সকালে আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের মধ্যে সংঘর্ষে পুলিশসহ দু’দলের কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। সকালে উপজেলার প্রসাদপুর বাজারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুল হক মোল্লার মোটর সাইকেলে বিএনপির কর্মীরা ঢিল ছোঁড়ে। এ খবর পেয়ে আওয়ামী লীগ কর্মীরা দলীয় কার্যালয়ে সমবেত হয়ে এর প্রতিবাদে একটি মিছিল বের করে। এ সময় চৌরাস্তার মোড়ে বিপরীত দিক থেকে আসা হরতালের সমর্থনে বিএনপির একটি মিছিল মুখোমুখি হলে সংঘর্ষ বেঁধে যায়। এ ঘটনায় মহাদেবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মনিরুল ইসলাম, মান্দা থানার ওসি আব্দুল্লাহ হেল বাকী ও মান্দা থানার চার পুলিশ কনস্টেবলসহ দু’দলের ২৫ জন আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ করা হয়। প্রসাদপুর বাজারসহ আশেপাশের এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশ লাঠিচার্জ, টিয়ারসেল নিক্ষেপ ও রাবার বুলেট ছুড়ে সংঘর্ষ নিয়ন্ত্রণ করে। ব্রাহ্মণবাড়িয়াঃ হরতালের দ্বিতীয় দিনে ব্রাহ্মণবাড়িয়ায় পিকেটিং করার সময় আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষ এবং মিছিলে গোয়েন্দা পুলিশের হামলায় কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। হরতাল চলাকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার পীরবাড়ি এলাকায় বিএনপি কর্মীরা একটি সিএনজি অটো রিকশা আটক করে। এ ঘটনাকে কেন্দ্র করে শরীফপুর ও মাইজহাটির বিএনপি ও আওয়ামী লীগ কর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। পরে ৭০ রাউন্ড রাবার বুলেট ও ৩ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। পুলিশের গুলিতে টিপু মিয়া, খায়ের মিয়া, সজিব, আনিছ মিয়া ও ওয়াবিক (২৫) আহত হন। এছাড়া শহরের ভাদুঘরে বিএনপি’র মিছিল চলাকালে গোয়েন্দা পুলিশের হামলায় সদর উপজেলা যুবদলের সদস্য সচিব বুলবুল আহমেদসহ ৪ ছাত্রদল কর্মী আহত হয়। নারায়ণগঞ্জ ঃ বুধবার সকালে নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এতে মহানগর ছাত্রদলের ২ যুগ্ম আহবায়কসহ ৫ জন আহত হয়েছে। এসময় তারা কয়েকটি যানবাহন ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি করে। টঙ্গী ঃ টঙ্গীতে দ্বিতীয় দিনের হরতালে সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের স্থানীয় হোসেন মার্কেট এলাকায় বিএনপি ও ছাত্রদল মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। এসময় পুলিশের সাথে মিছিলকারীদের সংঘর্ষ বাধে। পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করতে ৫/৬ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। হরতাল সমর্থনকারীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও ১৫/২০টি ককটেল বিষ্ফোরণ ঘটায়। এসময় মিছিলকারীরা কয়েকটি বাস ভাঙচুর করে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাগেরহাট ঃ বাগেরহাটে আওয়ামী লীগের দলীয় কার্যালয় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার গভীর রাতে বাগেরহাট পৌরসভার সরুই এলাকায় অবস্থিত ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। আগুনে দলীয় কার্যালয়টি সম্পূর্ণ ভষ্মীভূত হয়ে গেছে। চাঁপাইনবাবগঞ্জ ঃ বুধবার চাঁপাইনবাবগঞ্জে ঢিলেঢালাভাবে পালিত হয় ১৮ দলের হরতাল। চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ ও চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অল্প বয়সী পিকেটারেরা রাস্তা অবরোধ করে। স্টাফ রিপোর্টার, দিনাজপুর ঃ হরতালের দ্বিতীয় দিন বুধবার হরতালকারী এবং হরতাল বিরোধীদের মধ্যে মিছিল, ধাওয়া-পাল্টা ধাওয়ায় ১০ জন আহত এবং ১৯ পিকেটারকে গ্রেফতার করা হয়। দুপুরে দিনাজপুর শহরে হরতালের সমর্থনে এবং ১৪ দলের হরতাল বিরোধী মিছিল বের হয়। শহরের গনেশতলা বিএনপি কার্যালয়ের সম্মুখে আওয়ামী লীগসহ ১৪ দলের মিছিল প্রদক্ষিণ করার সময় বিএনপির নেতাকর্মীরা তাদের বাধা দেয়ার চেষ্টা করে। এ সময় উভয়পক্ষকে শান্ত করতে পুলিশ রাস্তায় ব্যারিকেড দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এরপরও ১৪ দল এবং বিএনপির পক্ষ থেকে ধাওয়া-পাল্টা ধাওয়া হলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় উভয়পক্ষের ১০ জন আহত হয়। এছাড়া শহরে তেমন কোন পিকেটিংয়ের ঘটনা ঘটেনি। কালীগঞ্জ (ঝিনাইদহ) ঃ ঝিনাইদহ জেলা বিএনপি নেতা ওসমান আলীর বাড়িতে হরতাল বিরোধীরা হামলা চালিয়ে ভাঙচুর করেছে। এ সময় বিএনপির ২ কর্মী আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার রাতে হরতাল বিরোধীরা শহরে মিছিল বের করে। এক পর্যায়ে তারা শহরের হলমার্কেটে বিএনপি নেতা ওসমান আলীর বাসভবনে হামলা চালায়। শৈলকুপা থানার ওসি আব্দুল বারি হামলার সত্যতা নিশ্চিত করেছেন। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) ঃ বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে রায়গঞ্জে ১৮ দলের দ্বিতীয় দিনের হরতাল পালিত হয়েছে। হরতাল সমর্থকরা বুধবার দুপুরে উপজেলার গদাইপুর নামক স্থানে ২টি মোটর সাইকেল ভাঙচুর করেছে। রংপুর ঃ হরতালের দ্বিতীয় দিন বুধবার রংপুর-বদরগঞ্জ রেলপথের লালবাগ ২ নম্বর গেটে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এদিকে নাশকতার অভিযোগে মঙ্গলবার রাতে আশরাফুল ইসলাম নামের এক শিবির ক্যাডারকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। অপরদিকে হরতালের সমর্থনে দুপুরে নগরীতে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। কালকিনি (মাদারীপুর) ঃ বুধবার মাদারীপুরের কালকিনি উপজেলা ছাত্রদলের উদ্যোগে দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার কর্নপাড়া নামক স্থানে বিক্ষোভ মিছিল ও দুইটি লোকাল বাস ভাঙচুর করা হয়। মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সভাপতি অহেদুজ্জামান আব্দুল হাই, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শিকদার মো. মামুন। লক্ষ্মীপুর ঃ লক্ষ্মীপুরে হরতালের পক্ষে-বিপক্ষে মিছিল, সড়ক অবরোধ, টায়ারে অগ্নিসংযোগ ও হাতবোমা বিস্ফোরণের মধ্য দিয়ে ১৮ দলের দ্বিতীয় দিনের হরতাল শেষ হয়। সকালে ঢাকা-রায়পুর মহাসড়কের দালাল বাজার ও রাখালিয়ায় এবং লক্ষ্মীপুর-রামগতি সড়কের মিয়া রাস্তার মাথায় গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে হরতাল সমর্থকরা। পরশুরাম ঃ হরতালের দ্বিতীয় দিন বুধবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকে। হরতালের সমর্থনে দুপুরে জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল বের করে। বগুড়া ঃ বগুড়ায় হরতালের দ্বিতীয় দিন রাস্তায় আগুন জ্বালিয়ে পিকেটিং এবং বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ও হরতালের পক্ষে-বিপক্ষে মিছিল হয়েছে। সকালে বিএনপি ও জোটের নেতারা শহরের আলতাফুন নেছা খেলার মাঠ থেকে মিছিল বের করে। মিছিলটি সাতমাথায় গিয়ে সমাবেশ করে। এদিকে হরতারের সমর্থনে ঝোপগাড়ি বাইপাস সড়কে সদর ছাত্রদল মিছিল করে। সেখানে রাস্তায় আগুন জ্বালিয়ে পিকেটিং করে। এছাড়া ওই এলাকায় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। ছাত্রশিবিরের নেতা-কর্মীরাও হরতালের সমর্থনে শহরতলীতে মিছিল করেছে। এদিকে হরতাল চলাকালে পিকেটারদের হামলায় ট্রাক চালক নিহতের ঘটনায় বিএনপির দুই পৌর কাউন্সিলরসহ ৪১ নেতা-কর্মীর নাম উল্লেখ করে ১১১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আন্তঃজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সিদ্ধান্তে পরিবার থেকে মামলা দায়ের না করায় পুলিশ বাদী হয়ে মামলাটি করেছে। এদিকে সোমবার রাতে শহরতলীর চারমাথা এলাকায় আলু বোঝাই ট্রাক আগুনে পুড়িয়ে দেয়ার ঘটনায় দ্রুত বিচার আইনে পৃথক এক মামলা হয়েছে। ঐ মামলাতেও দুই পৌর কাউন্সিলরসহ ৯৫ জনকে আসামি করা হয়েছে। বগুড়া সদর থানাধীন উপশহর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (টিএসআই) মিলাদুন নবী বাদী হয়ে মঙ্গলবার রাতে মামলা দুটি করেন। এরমধ্যে হত্যা মামলায় তিন যুবককে গ্রেফতার দেখানো হয়েছে। সিরাজগঞ্জ ঃ টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে সিরাজগঞ্জে হরতালের দ্বিতীয় দিন পালিত হয়। সকালে হরতালের সমর্থনে শহরে মিছিল করেছে ছাত্রদল ও যুবদল। সকালে সিরাজগঞ্জ-কাজিপুর সড়কের সমাজ কল্যাণ মোড়ে টায়ার জ্বালিয়ে পিকেটাররা বসির উদ্দিনের মুদিখানা ও আবুলের চায়ের দোকান ভাংচুর করে। মুন্সীগঞ্জ ঃ মুন্সীগঞ্জ জেলা জামায়াত কার্যালয়ের সামনের সড়ক থেকে ৫টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে হরতাল চলাকালে এগুলো উদ্ধার করা হয়। মুন্সীগঞ্জ সদর থানার এসআই সবুর খান জানান, জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টির জন্যই হয়ত এগুলো রাস্তায় রাখা হয়েছিল। এগুলো পানিতে ভিজিয়ে রাখার পর খুলো দেখা যায় কৌটার ভেতরে মাটি ও পাথর। বরগুনা (উত্তরা) ঃ মঙ্গলবার রাতে বামনা থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছাত্রদল ও যুবদলের ৫ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো বামনা উপজেলা যুবদলের সম্পাদক মো. সুমন গোলদার, ছাত্রদল সভাপতি ইকবাল কোরাইশী বাবু, যুগ্ম সম্পাদক মো. হাফিজুর রহমান হাফিজ, ছাত্রদল নেতা ফারুক ও শাহিন। কক্সবাজার ঃ বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমদকে গ্রেফতারের প্রতিবাদে সোমবার রাতে কক্সবাজারে বিএনপির বিক্ষোভ মিছিল থেকে পত্রিকা অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় মঙ্গলবার রাতে কক্সবাজার সদর থানায় ২টি মামলা করা হয়েছে। গফরগাঁও ঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা হরতাল প্রতিরোধে সরকারি দলের সশস্ত্র মিছিল থেকে আওয়ামী লীগ দলীয় উপজেলা চেয়ারম্যানের বাসভবন ও পৌর মেয়রের মার্কেটে হামলা এবং রাজনৈতিক অফিসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এ নিয়ে উভয় গ্রুপের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় কমপক্ষে ১০ জন আহত হয়েছে। পৌর মেয়রসহ আওয়ামী লীগের প্রায় ৩৩৯ নেতা-কর্মীর নামে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। পৌর মেয়র এডভোকেট কায়সার আহম্মেদ গ্রুপের নেতা-কর্মীরা গত মঙ্গলবার রাতে ১৮ দলের ডাকা হরতাল প্রতিরোধে সশস্ত্র মিছিল বের করে। মিছিলটি উপজেলা পরিষদ কার্যালয়ের ভিতর দিয়ে যাওয়ার সময় মিছিলের পিছন দিক থেকে উপজেলা চেয়ারম্যান ফাহমি গোলন্দাজ বাবেলের সরকারি বাসভবনে হামলা চালায়। এর জের ধরে পৌর মেয়রের সশস্ত্র মিছিলটি পৌরশহরের মধ্যবাজারে উপজেলা চেয়ারম্যান সমর্থিত উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আসলে উপজেলা চেয়ারম্যান গ্রুপের নেতা-কর্মীরা মেয়র গ্রুপের মিছিলে হামলা চালায়। এ সময় দুই গ্রুপের নেতা-কর্মীরা সশস্ত্র সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আবু কাওসার, ছাত্রলীগ নেতা নাজমুল, মিরন, সুমন, শরিফুলসহ কমপক্ষে ১০ জন গুরুতর আহত হয়। আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে বুধবার সকালে উপজেলা চেয়ারম্যান গ্রুপের নেতা-কর্মীরা হরতাল বিরোধী সশস্ত্র মিছিল বের করে। মিছিলটি পৌর শহরের মধ্যবাজারে মেয়রের বাসভবনের সামনে দিয়ে যাওয়ার সময় পৌর মেয়রের মালিকানাধীন হাজী মার্কেটে হামলা চালিয়ে মাতৃ স্টোর ও রহমান ট্রেডার্সে ব্যাপক ভাংচুর করে। এ সময় উপজেলা চেয়ারম্যান গ্রুপের নেতা-কর্মীরা মেয়রের বাসভবনে হামলার চেষ্টা চালায় এবং পৌর মেয়রের রাজনৈতিক কার্যালয়ে হামলা চালিয়ে আসবাবপত্র ভাংচুর করে সিঁড়িতে এনে আগুন ধরিয়ে দেয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উপজেলা চেয়ারম্যানের সরকারি বাসভবনে হামলার ঘটনায় গতকাল বুধবার সকালে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক তরিকুল ইসলাম রিয়েল বাদী হয়ে গফরগাঁও থানায় দ্রুত বিচার আইনে মামলা করেন। রাজীবপুর (কুড়িগ্রাম) ঃ বিস্ফোরকদ্রব্য বহন ও বিস্ফোরণ ঘটানোর অপরাধে রাজীবপুর উপজেলা বিএনপি’র ৫৭ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল ছাত্তার জেহাদী এ মামলা করেন। এতে প্রধান আসামি করা হয় উপজেলা বিএনপি’র সভাপতি মোখলেছুর রহমানকে। জয়পুরহাট ঃ জয়পুরহাটে শিবিরের হরতালের সমর্থনে বুধবার সন্ধ্যায় শিবির কর্মীরা শহরের বাটার মোড়ে ৪টি ককটেলের বিস্ফোরণ ঘটায় এবং রাস্তার মধ্যে পেট্রোল দিয়ে আগুন জ্বালায়। চাঁদপুর ঃ চাঁদপুরে ভাংচুর, গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ, খণ্ড খণ্ড মিছিল ও পিকেটিং এর মধ্য দিয়ে দ্বিতীয় দিনের হরতাল পালিত হয়। ভোরে মতলব-পেন্নাই সড়কে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করা হয়। চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে বাবুরহাট, চাঁদখার দোকান, ঘোষের হাট, মহামায়া এলাকায় মোটর সাইকেলসহ কয়েকটি গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ করা হয়। এ সময় হরতালকারীরা রাস্তার পাশে গাছ কেটে ও রাস্তার উপরে ফেলে সড়ক অবরোধ করে। সকালে জেলা বিএনিপর কার্যালয় থেকে জেলা বিএনপির সেক্রেটারী শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে ১৮ দলীয় জোট মিছিল বের করে। পুলিশ জেলার বিভিন্ন স্থান থেকে ৬ ব্যক্তিকে আটক করেছে। ঘোড়াঘাট (দিনাজপুর) ঃ বুধবার দুপুরে ঘোড়াঘাট সদর আজাদ মোড়ে পিকেটিং কালে পুলিশ ৪ পিকেটারকে গ্রেফতার করেছে। কালীগঞ্জ (ঝিনাইদহ) ঃ ঝিনাইদহে ২ জামায়াত-শিবির কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। লোহাগাড়া (চট্টগ্রাম) ঃ চট্টগ্রামের লোহাগাড়ায় মাস্টার মোবারক আলী (৪৮) নামের এক জামায়াত নেতাকে গ্রেফতার করেছে লোহাগাড়া থানা পুলিশ।