আজকের এইচএসসি পরীক্ষা ১৯ এপ্রিল

ইসলামী ছাত্রশিবিরের ডাকা হরতালের কারণে আজ বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১৯ এপ্রিল শুক্রবার অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তাসলিমা বেগম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বৃহস্পতিবারের পূর্ব নির্ধারিত এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১৯ এপ্রিল শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। বিকালের পরীক্ষা অনুষ্ঠিত হবে একইদিন বেলা ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী আজ বৃহস্পতিবার অর্থনীতি প্রথমপত্র, পদার্থবিজ্ঞান প্রথম (তত্ত্বীয়) পত্র, ব্যবসায় নীতি ও প্রয়োগ, বাংলা ভাষা ও সাহিত্য প্রথমপত্র, ইংরেজি ভাষা ও সাহিত্য প্রথমপত্র এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডে আরবি প্রথমপত্র (সাধারণ বিভাগ) ও আরবি সাহিত্য (বিজ্ঞান ও মুজাব্বিদ মাহির বিভাগ) বিষয়ের পরীক্ষা হবার কথা ছিল। এর আগে হরতালের কারণে গত মঙ্গলবারের পরীক্ষা ১৩ এপ্রিল অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়েছে।