মৃত্যুদণ্ড অতীত হয়ে যাচ্ছে :অ্যামনেস্টি
প্রকাশ : ১০ এপ্রিল ২০১৩, ২৩:১৩
লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, বিশ্বজুড়ে অপরাধের সাজা হিসেবে মৃত্যুদণ্ড দেয়া কমছে। এটা এখন অতীত হয়ে যাচ্ছে। যদিও অনেকগুলো দেশ কয়েক বছর ধরে মৃত্যুদণ্ড বন্ধ রাখার পর ২০১২ সালে মৃত্যুদণ্ড দিয়েছে। তারপরও এর ব্যবহার আগের তুলনায় গত বছর কমেছে। খবর বিবিসির।
গতকাল বুধবার সংস্থাটির মহাসচিব সলিল শেঠি বলেন, ভারত, পাকিস্তান, জাপান ও গাম্বিয়ায় কয়েক বছর পর গত বছর মৃত্যুদণ্ড কার্যকর করলেও সংখ্যায় কমেছে। ফলে বিশ্বে মৃত্যুদণ্ডের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। তবে এ চিত্র ইরাকের ক্ষেত্রে ব্যতিক্রম। দেশটিতে মৃত্যুদণ্ডের হার আতঙ্কজনকভাবে বেড়েছে। গত বছর দেশটিতে ১২৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ২০১১ সালে এই সংখ্যা ছিল ৬৮ জনে। অর্থাত্ এক বছরে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকরের হার দ্বিগুণ বেড়েছে। ভারত ২০০৪ সালের পর গত বছর মুম্বাই হামলার দায়ে আজমল আমির কাসাবের মৃত্যুদণ্ড কার্যকর করে। ২০১২ সালে ২১টি দেশ মৃত্যুদণ্ড কার্যকর করেছে। ২০১১ সালেও এ সংখ্যা একই ছিল। তবে এটা ২০০৩ সালের ২৮টি দেশের তুলনায় কমে এসেছে। ২০১২ সালে পাঁচটি দেশ মৃত্যুদণ্ড কার্যকর করে। এগুলো হলো যুক্তরাষ্ট্র, চীন, ইরান, ইরাক এবং সৌদি আরব। সংস্থাটি জানায়, এদের মধ্যে ইরানে ২০১২ সালে সর্বোচ্চ ৩১৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সৌদি আরবে ৭৯ এবং যুক্তরাষ্ট্রে এই সংখ্যা ছিল ৪৩ জন। চীন এক্ষেত্রে গোপনীয়তা অবলম্বন করায় সংখ্যা জানা যায়নি। তবে সংস্থাটির ধারণা, দেশটিতে মৃত্যুদণ্ডের সংখ্যা হাজারের বেশি হবে যা পৃথিবীর অন্যান্য সব দেশের সমষ্টির সমান হতে পারে।