খালেদা জিয়া গ্রেফতার হলে দেশের স্থিতিশীলতা নষ্ট হবে :বিএনপি
প্রকাশ : ১০ এপ্রিল ২০১৩, ২৩:১৩
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু বলেছেন, দেশব্যাপী আমরা সবাই গৃহবন্দী অবস্থায় আছি। সরকার যদি খালেদা জিয়াকে গ্রেফতার বা গৃহবন্দী করার মতো পদক্ষেপ নেয় তাহলে দেশের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট হবে। খালেদা জিয়াকে আলাদাভাবে কখন গ্রেফতার করা হবে তা আমাদের জানা নেই। তবে সারা দেশে একধরনের প্রচারণা চলছে। এটা একধরনের মনস্তাত্ত্বিক লড়াই। তবে তাতে কাজ হবে না, জনগণের বিজয় হবে। কারা এ প্রচারণা চালাচ্ছে তা আমরা জানি না, সরকার এক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখছে বলে আমাদের বিশ্বাস।
গতকাল বুধবার বিকালে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা টানা ৩৬ ঘণ্টার হরতাল শেষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি বলেন, মামলা আর গ্রেফতার করে এ আন্দোলন বন্ধ করা যাবে না। সরকারের সকল বাধা মোকাবেলা করে গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে। অবিলম্বে আটক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি করে তিনি বলেন, অন্যথায় দলের পক্ষ থেকে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে। সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি, শামীমুর রহমান শামিম, বেলাল হোসেন, স্বেচ্ছাসেবক দলের আমিনুল ইসলাম প্রমুখ। শামসুজ্জামান দুদু বলেন, গতকাল সারা দেশে পুলিশি হামলায় আহত হয়েছেন ২৭৬ জন দলীয় নেতাকর্মী, গ্রেফতার হয়েছেন দুই শতাধিক ও মিথ্যা মামলা দেয়া হয়েছে ৫৭০ জনের অধিক নেতাকর্মীর বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার ইসলামী ছাত্রশিবিরের ডাকা হরতালে বিএনপি সমর্থন দেবে কিনা জানতে চাইলে তিনি বলেন, দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত হবে। তবে এখন পর্যন্ত এই হরতালে আমরা সমর্থন বা বিরোধিতা কোনোটাই করিনি।