বই আলোচনা

তেপান্তরের জলছবি

ঘোর আবদুশ শাকুর প্রচ্ছদ :ধ্রুব এষ প্রকাশক : শুদ্ধস্বর প্রকাশ:ফেব্রুয়ারি ২০১৩, মূল্য :২৭০ টাকা জীবন বোধ হয় কখনো ষোলকলায় পূর্ণ হয় না। কিছু অতৃপ্তি থেকেই যায়। কিছু না দেখা নিয়েই হয়তো আমাদের ছাড়তে হয় সাধের এ পৃথিবী। যেমন ছাড়লেন কথাশিল্পী আবদুশ শাকুর। রবীন্দ্র-জীবনীর কাজ হাতে নিয়েছিলেন বিদগ্ধ এ শিল্পী। কিন্তু শেষ দেখা দেখে যেতে পারলেন না। পারলেন না তাঁর সবশেষ গল্পগ্রন্থ ‘ঘোর’ দেখে যেতেও। তাই অতৃপ্তি নিয়েই তিনি চলে গেলেন। আবদুশ শাকুর বাংলা কথাসাহিত্যের একজন অগ্রগণ্য শিল্পী। ‘ক্ষীয়মাণ’ গল্পগ্রন্থটির মাধ্যমে ষাটের দশকে আবির্ভাব তাঁর। এরপর নিরন্তর লিখে গেছেন ছোটগল্পের পাশাপাশি উপন্যাস, প্রবন্ধ, নাটক। গানকে সুরের ফ্রেমে বেঁধেছেন। করেছেন পত্রিকার সম্পাদনা। লেখালেখির সে ধারায় এবারের বই মেলায় প্রকাশিত হয়েছে ‘ঘোর’ গল্পগ্রন্থটি। মোট আটটি গল্প মলাটবন্ধি হয়েছে তাঁর এ বইয়ে। গল্পের নামগুলো যথাক্রমে- ঘোর, হঠাত্ একরাত, শিশুকে তবু বোঝানো যায়, রচনা, সপিনা, জীবন কখন ফুরায়, সেল-প্রেম ও স্পর্শ। বিষয় বৈচিত্রে ঘোর গল্পগ্রন্থটি অনন্য। এ গ্রন্থে ঘটনাবিন্যাস ও চরিত্র রূপায়ণে লেখক সমকাল-সংলগ্ন। নাগরিক উচ্চবিত্ত জীবনের বর্ণাঢ্য রূপচিত্রণে লেখকের অন্ত্যর্দর্শী শ্লেষাত্মক শিল্পদৃষ্টির প্রকাশ ঘটেছে। কিছু গল্পের প্লট গঠনে লেখক নিরীক্ষাধর্মী। গল্পগ্রন্থটির নাম গল্পে উচ্চবিত্ত এক পরিবারের হাহাকার তুলে এনেছেন আবদুশ শাকুর। সন্তানের জন্য পিতামাতার বিশেষত মায়ের অর্ন্তজ্বালা বেশ মোটা দাগে উচ্চকিত। প্রবাসী সন্তানদের এদেশের প্রতি উপেক্ষা, অর্থের প্রতি মোহ, বাবা-মাকে ভুলে থাকার নগ্ন প্রবণতা বেশ করুণভাবে ধরা দিয়েছে গল্পে। সেল-প্রেম গল্পটি হালের উঠতি যুবক-যুবতির এক নির্ভেজাল বয়ান। এতে সেল-প্রেমের শেষ পরিণতিও লেখক দেখিয়ে দিয়েছেন গল্পের প্রান্তে। ‘চারজনের মধ্যে তিনজনই চলে গেলেন। রয়ে গেলাম কেবল আমি, সম্ভবত তাঁদের গমনের গল্পগুলো বলতেই।’ এমন উক্তি দিয়ে শুরু করেছেন ‘জীবন কখন ফুরায়’ গল্পটি। গল্পটি আবদুশ শাকুর বলেছেন ঠিকই। কিন্তু তার পরপরই তাকে সাঙ্গ করতে হয়েছে নিজের জীবনের অধ্যায়ও। উত্তম পুরুষে বর্ণিত এ গল্পে বিবৃত হয়েছে আমলা জীবনের নানা জটিলতা। সেই সঙ্গে এ সকল আমলার মৃত্যুর বিবরণটিও ভিন্ন মাত্রা দিয়েছে। আমরা জানি, আবদুশ শাকুর ব্যক্তিজীবনে একজন সরকারি আমলা ছিলেন। তবে কী এ শিল্পী নিজের জীবনের শেষ দেখতে পেরেছিলন? একুশে বইমেলায় শুদ্ধস্বর প্রকাশনী থেকে প্রকাশিত বইটির চমত্কার প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ। সংগ্রহে রাখার মতো একটি বই, তেপান্তরের বাসিন্দার শিল্প যাত্রায় সঙ্গী হোন আপনিও।