কবিতা
এপ্রিল ২৯, ১৯৯১
প্রকাশ : ১১ এপ্রিল ২০১৩, ১৯:২৬
মেঘের অদ্ভুত চিত্কারে হঠাত্ মানুষগুলো পালাবার পথ খোঁজে—বাঁচার আশায়। তখনো ঘুমন্ত বিছানায় শুয়ে আছে—এলোমেলো স্বপ্ন, অন্তর্গত আঁধারের বেদনা ও ক্লান্তি। বাতাসের গতিবেগ পেছনেই ফেলে মেধাবী মৃত্যুও আসে। অবলা রাত্রির উপকূল ছুঁয়ে প্রত্ন-অভিশাপের জীবনে যত জল জমে—তার নির্মম আঘাতে লেখা হয় ঊনত্রিশে এপ্রিলের ইতিহাস।
যারা ভালোবাসত সমুদ্র কিংবা সমুদ্রের জলজ দূরত্বে এঁকেছিল সংসার—তাদের চাষাবাদের সকল শস্য, শস্যের শ্রমিক আর প্রাণিকূলের মৃত্যুর গান শোনা যায় আবহাওয়া অফিসে। এদিকে করুণ অভিজ্ঞতায় ভরে ওঠে আবহাওয়াবিদদের জীবনবৃত্তান্ত। কোথাও শুশ্রূষা নেই। দিনের আলোয় সকলই নিঃস্ব হলে—ধ্বংসের ভাঙনে সবকিছু পাশাপাশি শুয়ে থাকে এবং
প্রকৃতির অন্তরে এখনো থামে না ইতিহাসের কান্না।