দিনভর ওঠানামা শেষে সূচক কমেছে
প্রকাশ : ১১ এপ্রিল ২০১৩, ১৯:৪২
দিনভর ওঠানামা শেষে গতকাল বৃহস্পতিবার শেয়ারবাজারের সূচক কমেছে। কমেছে লেনদেনের পরিমাণ। তথ্যে দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২২ কার্যদিবস পর বুধবার ডিএসই’র লেনদেন দুইশ কোটি টাকার বেশি হলেও গতকাল আবার তা কমে গেছে। বাজার বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক অস্থিরতায় বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে আগ্রহী হচ্ছেন না। তাই নতুন বিনিয়োগ নেই বললেই চলে। এ অবস্থায় শেয়ারবাজার ও দেশের অর্থনীতির স্বার্থে সরকারের এগিয়ে আসা প্রয়োজন বলে মনে করেন বিশ্লেষকরা।
এদিকে গতকালও বাজারে নতুন যুক্ত হওয়া কোম্পানিগুলোকে ঘিরেই লেনদেন হয়েছে। ডিএসই’র মোট লেনদেনের ১৭ শতাংশই হয়েছে প্রিমিয়ার সিমেন্ট, ওরিয়ন ফার্মা, সামিট পূর্বাঞ্চল পাওয়ার এবং গ্লোবাল হেভি ক্যামিক্যালকে কেন্দ্র করে।
তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ২১ পয়েন্ট কমে ৩ হাজার ৫৯০ পয়েন্টে নেমে এসেছে। সাধারণ মূল্যসূচক কমেছে ১৮ পয়েন্ট। আর ডিএসই-৩০ মূল্যসূচক ৮ পয়েন্ট কমে ১ হাজার ৩২২ পয়েন্টে দাঁড়িয়েছে। মোট লেনদেন হয়েছে ১৪৮ কোটি ৯ লাখ ৯৫ হাজার টাকা। যা আগের দিনের চেয়ে ৬১ কোটি টাকা কম। লেনদেনকৃত ২৭০টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১১৬টির, কমেছে ১২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির শেয়ারের।
গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক ১২৮ পয়েন্ট কমে ১১ হাজার ১১৯ পয়েন্টে নেমে এসেছে। সিএসই-৩০ মূল্যসূচক ১৮০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৯ হাজার ৮২৯ পয়েন্টে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৩ কোটি ১০ লাখ ৫৮ হাজার ২৫২ টাকা। যা আগের দিনের চেয়ে প্রায় ৫ কোটি টাকা কম। লেনদেনকৃত ১৭৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫৭টির, কমেছে ১০০টির আর অপরিবর্তিত ছিল ১৯টি কোম্পানির শেয়ারের দর।
এদিকে বাংলা নববর্ষ উপলক্ষে আগামী ১ বৈশাখ, রবিবার দেশের উভয় শেয়ারবাজারের লেনদেন বন্ধ থাকবে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তবে পরবর্তী কার্যদিবস থেকে যথারীতি লেনদেন চালু হবে।