কৃষি ঋণ বিতরণ বেড়েছে

চলতি অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) গত অর্থবছরের একই সময়ের তুলনায় কৃষিঋণ বিতরণ বেড়েছে। এসময়ে আগের বছরের চেয়ে ঋণ বিতরণ বেড়েছে এক হাজার ১১ কোটি টাকা। তবে কৃষিঋণ বিতরণে লক্ষমাত্রা পূরণ করতে পারেনি বেসরকারি ও বিদেশি খাতের আট ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের মাসিক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। প্রতিবেদন অনুযায়ী, গত মার্চ মাস শেষে বাণিজ্যিক ব্যাংকগুলো দশ হাজার ২০ কোটি টাকা ঋণ বিতরণ করেছে। গত অর্থবছরের একইসময়ে ব্যাংকগুলো এ খাতে বিতরণ করেছিল নয় হাজার ১৮ কোটি টাকা। চলতি অর্থবছরের জন্য ব্যাংকগুলো কৃষি খাতে ১৪ হাজার ১৩০ কোটি টাকা ঋণ বিতরণ লক্ষমাত্রা নির্ধারণ করেছে। এই লক্ষমাত্রার বিপরীতে রাষ্ট্রায়ত্ত ও বিশেষায়িত মিলে ছয় ব্যাংক বিতরণ করেছে ছয় হাজার ৮০ কোটি টাকা বা মোট বিতরণকৃত ঋণের ৭০ দশমিক ৬৫ শতাংশ। যা গত বছরের একই সময়ে হয়েছিল ছয় হাজার ১৪৪ দশমিক ৬৮ কোটি টাকা। সে হিসেবে গত বছরের তুলনায় চলতি অর্থবছরে এ ব্যাংকগুলোর কৃষি ক্ষেত্রে ঋণ বিতরণের পরিমাণ সামান্য কমেছে। ব্যাংকগুলোর মধ্যে সব চেয়ে বেশি ঋণ বিতরণ করেছে বিশেষায়িত খাতের বাংলাদেশ কৃষি ব্যাংক যার পরিমাণ হলো তিন হাজার ২৩ কোটি টাকা। বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ও বিদেশি ব্যাংকগুলো একত্রে এ খাতে বিতরণ করেছে চার হাজার ১১ কোটি টাকা। গত বছরের একই সময়ে বেসরকারি ও বিদেশি ব্যাংকগুলো মিলে ঋণ বিতরণ করেছিল তিন হাজার ৪৪ দশমিক ৮১ কোটি টাকা। এদিকে কেন্দ্রীয় ব্যাংকের বার বার নির্দেশনার পরও কৃষি ঋণ বিতরণ ও আদায়ে যেসব ব্যাংক ব্যর্থতার পরিচয় দিচ্ছে সেসব বেসরকারি ও বিদেশি মালিকানাধীন ব্যাংকগুলোকে নিয়ে শিগগিরই বৈঠকে বসবে কেন্দ্রীয় ব্যাংক। গত মার্চ পর্যন্ত লক্ষমাত্রা অনুযায়ী কৃষি ঋণ বিতরণে ব্যর্থ হয়েছে বিদেশি মালিকানাধীন ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, বেসরকারি খাতের ব্যাংক এশিয়া, বাংলাদেশ কর্মাস ব্যাংক, আইএফআইসি ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, স্টান্ডার্ড ব্যাংক ও এসআইবিএল।