লস্কর দক্ষিণ এশিয়ায় যথেষ্ট শক্তিশালী সতর্কতা যুক্তরাষ্ট্রের

মুম্বাই হামলার পর বড় কোনও জঙ্গি হানা না হলেও দক্ষিণ এশিয়ার লস্কর-ই তাইয়্যেবার শক্তি আদৌ কমেনি। বরং গত কয়েক বছরে ভারতীয় উপমহাদেশে শক্তি বৃদ্ধি করেছে ওই সংগঠন। শুধু তাই নয়, দক্ষিণ এশিয়ার জঙ্গি সংগঠনগুলোর মধ্যে লস্করকেই সবচেয়ে বড় বিপদ বলে মনে করছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। সম্প্রতি লস্করের কার্যকলাপ নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে মার্কিন সেনাবাহিনী। রিপোর্টে বলা হয়েছে, ইদানিং বড়-সড় হামলা সংগঠিত করতে না পারলেও লস্কর জঙ্গি নিয়োগের কাজ চালিয়ে যাচ্ছে এবং তাদের টার্গেটে সেই কাশ্মীরই আছে। এই রিপোর্টের ভিত্তিতেই পেন্টাগনের এক শীর্ষকর্তা অ্যাডমিরাল স্যামুয়েল লকলিয়ার মার্কিন সিনেটরদের জানিয়েছেন, মুম্বাইয়ে জঙ্গি আক্রমণ বা ওই জাতীয় বড় ধরনের সন্ত্রাসবাদী হামলা হলে ভারত ও পাকিস্তানের সম্পর্কে অবনতি হতে পারে।